সিনেমা লাইন সিরিজে এবার ওপেন গেট ও ইন-ক্যামেরা র-রেকর্ডিং সুবিধা

ঢাকায় সনির এফএক্স৫ ক্যামেরা উন্মোচিত

  • সনি বাংলাদেশে তাদের নতুন ‘এফএক্স৫’ সিনেমা লাইন ক্যামেরা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে।
  • ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে সনির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
  • ফুল-ফ্রেম এক্সমোর আরএস সেন্সর ও এআই অটোফোকাস সমৃদ্ধ ক্যামেরাটির দাম ৬ লাখ ২০ হাজার টাকা।

ঢাকায় সনির এফএক্স৫ ক্যামেরা উন্মোচিত
২১ আগষ্ট, ২০২৬ ১৯:২৬  

‘লাইটিং দ্য ওয়ে ফরওয়ার্ড’ থিম নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন ‘এফএক্স৫’ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন করেছে সনি।  অনুষ্ঠানে দেশের প্রখ্যাত আলোকচিত্রী, চলচ্চিত্র নির্মাতা ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

২১ আগস্ট, শুক্রবারের এই উন্মোচন অনুষ্ঠানে সনি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি. জোশুয়া কুয়েক এবং সনি ইলেকট্রনিক্স সিঙ্গাপুর লিমিটেডের সিপ্রো ও লেন্স মার্কেটিংয়ের ম্যানেজার ভিনসেন্ট টেসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন এই ফুল-ফ্রেম ক্যামেরাটিতে রয়েছে এক্সমোর আরএস সিএমওএস ইমেজ সেন্সর ও বিওএনজেড এক্সআর২ প্রসেসিং ইঞ্জিন। এস-লগ৩ শুটিংয়ে ১৫+ স্টপস ডায়নামিক রেঞ্জ এবং তিনটি বেস আইএসও (৮০০, ৪০০০ ও ১২৮০০) সুবিধা দেবে এটি। এফএক্স সিরিজে প্রথমবারের মতো ক্যামেরাটিতে ৩:২ এরিয়া ব্যবহারের মাধ্যমে ওপেন গেট শুটিং এবং সনির ১৬-বিট এক্স-ওসিএন র (X-OCN RAW) ফরম্যাটে অভ্যন্তরীণ রেকর্ডিংয়ের সুবিধা যুক্ত করা হয়েছে। এতে ৫কে ৬০ এফপিএস, ৪কে ১২০ এফপিএস এবং ফুল এইচডি ২৪০ এফপিএস গতিতে ভিডিও শুট করা সম্ভব।

অটোফোকাসের জন্য এতে ব্যবহার করা হয়েছে এআই-ভিত্তিক হিউম্যান পোজ এস্টিমেশন প্রযুক্তি। সেই সাথে রয়েছে ৫-অ্যাক্সিস ইন-বডি স্ট্যাবিলাইজেশন এবং ৪-অ্যাক্সিস আর্টিকুলেটিং টাচস্ক্রিন মনিটর। ক্যামেরাটির পাশাপাশি একটি ডিটেচেবল ওএলইডি ভিউফাইন্ডার (DVF-EL1) এবং ৯৬ কিলোহার্টজ, ৩২-বিট ফ্লোট অডিও সমর্থিত একটি এক্সএলআর হ্যান্ডেল ইউনিট (XLR-H2) উন্মোচন করা হয়।

‘টপ গান: মাভেরিক’-এর অস্কারজয়ী চিত্রগ্রাহক ক্লডিও মিরান্ডা এবং চলচ্চিত্র পরিচালক গ্যারেথ এওয়ার্ডস ক্যামেরাটির বহনযোগ্যতা ও অসাধারণ মানের তীব্র প্রশংসা করেছেন। বাংলাদেশে ১৮ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ সোনি এফএক্স৫ ক্যামেরাটি ৬,২০,০০০ টাকায় সোনি-র অনুমোদিত রিটেল শপগুলোতে পাওয়া যাবে।
//ডিবিটেক/এসজেপি/এমআইএস//