কারামুক্ত শমী কায়সার
জামিনে কারামুক্তি পেয়েছেন ই-ক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সার। ১৪ আগস্ট, বৃহস্পতিবার রাত ১০ টা ৪০ মিনিটের দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন।
জুলাই আন্দোলনের সময়কার হত্যাচেষ্টার মামলায় জামিনে কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) জাহাঙ্গীর কবির।
তিনি জানান, উত্তরা পূর্ব থানার মামলায় তিনি জামিনে মুক্ত হয়ে কাশিমপুর নারী কারাগার থেকে বেরিয়ে যান।
গত বছরের ৫ নভেম্বর রাতে উত্তরার বাসা থেকে আটক করা হয় শমী কায়সারকে। পরে তাকে জুলাই অভ্যুত্থানের সময়কার একটি হত্যাচেষ্টায় গ্রেফতার দেখানো হয়। উত্তরা পূর্ব থানার ওই মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে যান শমী কায়সার। শেষমেশ গত ১২ মার্চ জামিন পান তিনি। এর মধ্যে গত ৯ এপ্রিল আজমপুরের কলেজ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায় আদালত। এ মামলাতেও সোমবার জামিন পেয়েছেন এ অভিনেত্রী।
গত ৫ অগাস্টে সরকার পতনের পর ১৪ অগাস্ট দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।







