জিওফেন্সিংয়ে উপস্থিতি নজরদারি
ভূমিদৃষ্টি অ্যাপে ভূমি অফিসের হাজিরা
- জিওফেন্সিংয়ে কর্মস্থলভিত্তিক হাজিরা নিশ্চিত হবে
- ৬১০ কার্যালয়ে ৯১৯ কর্মীর পাইলট কার্যক্রম
- সফল হলে দেশজুড়ে ভূমি অফিসে সম্প্রসারণ
বাংলাদেশের মাঠপর্যায়ের ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, কর্মঘণ্টার ব্যবহার ও দাপ্তরিক কার্যক্রম প্রযুক্তির মাধ্যমে নজরদারিতে আনতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ মোবাইল অ্যাপ। জিওফেন্সিং ও জিপিএসভিত্তিক এই উপস্থিতি ব্যবস্থাপনা অ্যাপের মাধ্যমে নির্ধারিত কর্মস্থলের ভৌগোলিক সীমানার বাইরে থেকে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না। পাইলট পর্যায়ে ইতোমধ্যে ছয় জেলার ৬১০টি কার্যালয়ের ৯১৯ কর্মকর্তা-কর্মচারীকে এর আওতায় আনা হয়েছে।
১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমি প্রশাসন গড়ে তোলায় ‘ভূমিদৃষ্টি’ সহায়ক ভূমিকা রাখবে। মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক উপস্থিতি নিশ্চিত হওয়ার ফলে ভূমি অফিসের কার্যক্রমে গতিশীলতা আসবে এবং সাধারণ মানুষের ভূমিসেবা পাওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।
জিওফেন্সিংয়ে হাজিরা
‘ভূমিদৃষ্টি’ অ্যাপের মূল প্রযুক্তি হলো জিওফেন্সিং। প্রতিটি ভূমি অফিসের জন্য নির্ধারিত ভার্চুয়াল বা ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থান করলেই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা বা ‘চেক-ইন’ দিতে পারবেন। নির্ধারিত সীমানার বাইরে থেকে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না।
অ্যাপটি চালু করার কারিগরি সহযোগিতায় রয়েছে পারাল্যাক্সলজিক ইনফোটেক (পিএলএক্স)।
লাইভ ড্যাশবোর্ডে নজরদারি
অ্যাপে হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট তথ্য কেন্দ্রীয় ড্যাশবোর্ডে হালনাগাদ হবে। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির চিত্র দেখতে পারবেন।
জিওফেন্সিংয়ের সীমানা লঙ্ঘন কিংবা ভুয়া অবস্থান ব্যবহারের চেষ্টা শনাক্ত হলে ব্যবস্থাটি স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা দেবে। এতে হাজিরা ব্যবস্থাপনায় অনিয়ম শনাক্ত করার সুযোগ তৈরি হবে।
সাইট ভিজিট ও ছুটি
সরকারি কাজ, তদন্ত বা অন্য কোনো দাপ্তরিক প্রয়োজনে কর্মস্থলের বাইরে যেতে হলে ‘সাইট ভিজিট’ সুবিধার মাধ্যমে বাইরে থাকার কারণ উল্লেখ করা যাবে। একই সঙ্গে অ্যাপের মাধ্যমে ছুটির আবেদন এবং ছুটির হিসাবও সংরক্ষণ করা যাবে।
বর্তমানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম—এই ছয় জেলায় ‘ভূমিদৃষ্টি’র পাইলট কার্যক্রম চলছে। এর আওতায় রয়েছে ৬১০টি কার্যালয় এবং ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারী।
পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে অ্যাপটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রযুক্তিনির্ভর উদ্যোগের ধারাবাহিকতা
এর আগে ১৯ মে ২০২৬ তেজগাঁও ভূমি ভবনে আয়োজিত ‘ভূমি সেবা মেলায়’ প্রধানমন্ত্রী সমীপে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তদারকিতে প্রযুক্তিনির্ভর ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ চালুর প্রস্তাব উপস্থাপন করেছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
সেই প্রস্তাবের ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। মাঠপর্যায়ের ভূমি প্রশাসনে জিপিএস, জিওফেন্সিং ও কেন্দ্রীয় ড্যাশবোর্ডের সমন্বিত ব্যবহার সরকারি সেবার তদারকি এবং কর্মপরিবেশের জবাবদিহিতা বাড়ানোর একটি প্রযুক্তিনির্ভর কাঠামো তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন.
//ডিবিটেক/এইচএমসি/এসএমই/এমআইএসটি//





