বিটিআরসিকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ

গুজব ছড়ানো পেজে ব্যবস্থা: হাইকোর্ট

  • অনিবন্ধিত নিউজ পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
  • গুজব ও বিভ্রান্তিকর পেজে আইনগত পদক্ষেপের নির্দেশ
  • সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টের রুল

গুজব ছড়ানো পেজে ব্যবস্থা: হাইকোর্ট
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৫  

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব অনলাইন প্ল্যাটফর্ম ও পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছেন আদালত।

 ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু।

রিট আবেদনে দেশে পরিচালিত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজের মাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়।

শুনানি শেষে হাইকোর্ট বিটিআরসি চেয়ারম্যানকে অনিবন্ধিত অনলাইন পোর্টাল এবং গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
//ডিবিটেক/এসএমই/এমআইএস//