সেপ্টেম্বরের এমপিও বিল ১৮ সেপ্টেম্বর
ইএফটিতে যাবে বেতন-ভাতা
- ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে বিল জমা দিতে হবে
- টেমিসে মাসিক বেতন বিল প্রক্রিয়া করতে হবে
- তথ্যের ভুলের দায় প্রতিষ্ঠান প্রধানের
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। এ জন্য আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে অনলাইনে সেপ্টেম্বর মাসের এমপিও বিল জমা দিতে হবে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা থেকে ১৩ সেপ্টেম্বর, রবিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেপ্টেম্বর মাসের এমপিও বিল জমা দিতে প্রতিষ্ঠান প্রধানদের ‘টেমিস’ সফটওয়্যারে লগইন করে ‘মান্থলি স্যালারি সাবমিশন’ অপশনে যেতে হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী বেতন বিল প্রক্রিয়া করে তা জমা দিতে হবে।
শিক্ষক-কর্মচারীদের চাকরির অবস্থায় কোনো পরিবর্তন থাকলেও তা হালনাগাদ করতে বলা হয়েছে। এর মধ্যে মৃত্যু, পদত্যাগ বা অবসরজনিত পরিবর্তন থাকলে ‘ইএফটি এমপ্লয়ি স্ট্যাটাস চেঞ্জ’ অপশনে সংশ্লিষ্ট তথ্য সংশোধন করতে হবে।
এ ছাড়া কোনো শিক্ষক-কর্মচারী সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতির কারণে বেতন কর্তনের আওতায় থাকলে বিল জমা দেওয়ার সময় তা উল্লেখ করতে হবে।
কারিগরি শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ইএফটির মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
তাই তথ্য দেওয়ার ক্ষেত্রে কোনো ভুল হলে এবং এর কারণে পরবর্তী সময়ে কোনো জটিলতা তৈরি হলে তার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
//ডিবিটেক/বিএনও/এসএমই/এমআইস//





