উৎসবের কেনাকাটায় সাশ্রয়
আড়ংয়ে ১০ শতাংশ ছাড় অরেঞ্জ ক্লাবে
- আড়ং ডটকম ও অ্যাপে মিলবে ১০ শতাংশ ছাড়
- অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য বিশেষ সুবিধা
- উৎসব মৌসুমে ডিজিটাল কেনাকাটায় বাড়তি সাশ্রয়
বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা আড়ংয়ের ওয়েবসাইট ও অ্যাপ থেকে কেনাকাটায় ১০ শতাংশ ছাড় পাবেন। আসন্ন উৎসব মৌসুমে অনলাইন কেনাকাটায় এই বিশেষ সুবিধা সদস্যদের জন্য বাড়তি সাশ্রয় ও স্বাচ্ছন্দ্য তৈরি করবে।
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আড়ং সেন্টারে ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার এ সুবিধা চালু করতে বাংলালিংক ও আড়ংয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের প্রোডাক্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আসিফুর রহিম, সিনিয়র ম্যানেজার জাইন জামান ও পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার উপস্থিত ছিলেন।
আড়ংয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্র্যাক-আড়ংয়ের ই-কমার্স অ্যান্ড করপোরেট সেলসের ডেপুটি জেনারেল ম্যানেজার তামজিদ বিন আনিস, আইটি ই-কমার্সের ডেপুটি জেনারেল ম্যানেজার অতনু ভক্ত, ই-কমার্সের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র ম্যানেজার ফাহাদ বিন রহমান এবং ডেপুটি ম্যানেজার হারুন উর রশীদ।
অংশীদারিত্ব নিয়ে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “বাংলালিংকে আমাদের সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আমাদের গ্রাহকেরা। অরেঞ্জ ক্লাবের মাধ্যমে আমরা বিশ্বস্ত ও আইকনিক বিভিন্ন ব্র্যান্ডের সাথে আমাদের অংশীদারিত্বের পরিসর বাড়িয়ে চলেছি, যাতে গ্রাহকেরা তাঁদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারেন। উৎসবের মৌসুম সামনে রেখে আড়ংয়ের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব সেই ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্রাহকদেরকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও উন্নত সেবা প্রদানে আমাদের অঙ্গীকারের প্রতিফলন এ উদ্যোগ।”
আড়ংয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার তামজিদ বিন আনিস বলেন, “আড়ং ডটকমের পথচলায় বাংলালিংকের সঙ্গে এই অংশীদারিত্ব দুই প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে এটি বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমের ধারাবাহিক অগ্রগতিতে ভূমিকা রাখবে। এই অংশীদারিত্ব আড়ং ও বাংলালিংকের গ্রাহকদেরকে আকর্ষণীয় সুবিধা দেওয়ার পাশাপাশি উদ্ভাবন, প্রবৃদ্ধি ও সামাজিক প্রভাব তৈরির নতুন সুযোগও সৃষ্টি করবে।”
বাংলাদেশের লাইফস্টাইল পণ্যের বাজারে দীর্ঘদিন ধরে শীর্ষ অবস্থানে রয়েছে ব্র্যাকের সামাজিক উদ্যোগ আড়ং। অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য বিভিন্ন ধরনের লাইফস্টাইল সুবিধা যুক্ত করার ধারাবাহিকতায় আড়ংয়ের সঙ্গে এই অংশীদারিত্ব করেছে বাংলালিংক।
উৎসবের মৌসুম সামনে রেখে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে তাঁরা দৈনন্দিন ও উৎসবের কেনাকাটায় আরও স্বাচ্ছন্দ্যে এবং সাশ্রয়ে পণ্য কিনতে পারবেন।
গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে অরেঞ্জ ক্লাবের সুবিধা আরও বিস্তৃত করার উদ্যোগের অংশ হিসেবে এই চুক্তি করা হয়েছে।
ফ্যাশন, ইলেকট্রনিকস, খাবার ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে নানা ধরনের অফার ও ছাড় উপভোগ করেন অরেঞ্জ ক্লাবের সদস্যরা। ফলে প্রয়োজনীয় কেনাকাটা ও সেবা গ্রহণে সাশ্রয়ের পাশাপাশি তারা বাড়তি সুবিধাও পাচ্ছেন।
//ডিবিটেক/বিআর/এসএমই//





