মেটার সাবস্ক্রিপশন মডেলে বড় পরিবর্তন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ফিচারের বাণিজ্যিক সুবিধা নিতে এবং আয়ের নতুন উৎস তৈরি করতে ‘মেটা ওয়ান’ নামে একটি নতুন সাবস্ক্রিপশন সেবা চালু করেছে টেক জায়ান্ট মেটা। এই সেবার আওতায় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য উন্নত এআই টুলসহ নানা প্রিমিয়াম সুবিধা যুক্ত করা হচ্ছে।
গত বছর স্কেল এআই-এ বিপুল অঙ্কের বিনিয়োগ এবং নিজস্ব ‘মিউজ এআই’ মডেল উন্মোচনের পর সাধারণ গ্রাহক, কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কাছে এসব ফিচার পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নতুন এই উদ্যোগ।
সাধারণ ব্যবহারকারীদের জন্য মেটা নিয়ে এসেছে ‘কোর’ (মাসে ৭.৯৯ ডলার) এবং ‘প্রিমিয়াম’ (মাসে ১৯.৯৯ ডলার) নামের দুটি প্ল্যান। উভয় প্ল্যানেই মেটার জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোর প্রিমিয়াম ফিচারের পাশাপাশি ‘মিউজ ইমেজ’ ও ‘মিউজ ভিডিও’ দিয়ে ছবি ও ভিডিও তৈরির বর্ধিত সুবিধা থাকবে।
এ ছাড়া ইনস্টাগ্রাম স্টোরির জন্য এআই চালিত ‘রিস্টাইল’ এডিটিং টুল এবং ভয়েস ইফেক্টের মতো ক্রিয়েটিভ টুলগুলো ব্যবহারের সুযোগ পাবেন সাবস্ক্রাইবাররা।
অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠান ও বড় কনটেন্ট ক্রিয়েটরদের জন্য মেটা চার স্তরের সাবস্ক্রিপশন ঘোষণা করেছে- এসেনশিয়াল (মাসে ১৪.৯৯ ডলার থেকে শুরু), অ্যাডভান্সড (৪৯.৯৯ ডলার থেকে শুরু), এক্সপার্ট (১৪৯ ডলার) এবং ম্যাক্স (৪৯৯ ডলার)।
এসব প্ল্যানে গ্রাহক সেবা স্বয়ংক্রিয় করার জন্য ‘মেটা বিজনেস এজেন্ট’-এর বর্ধিত অ্যাক্সেস, হোয়াটসঅ্যাপ বিজনেসে ভেরিফাইড ব্যাজ, ভুয়া প্রোফাইল শনাক্তকরণ, ৩০ দিন আগে পোস্ট শিডিউল করা এবং বিস্তারিত অডিয়েন্স অ্যানালিটিক্স সুবিধা রয়েছে।
চলতি বছরের মার্চে চালু করা প্রাথমিক সাবস্ক্রিপশন প্ল্যানগুলো ইতোমধ্যে মেটার রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। গত ৯ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ইনস্টাগ্রামের দৈনিক গড় আয় ৪৭৫ শতাংশ বেড়ে ১২ লাখ ডলারে এবং ফেসবুকের আয় ১৪৩ শতাংশ বেড়ে ৫ লাখ ২৮ হাজার ডলারে পৌঁছেছে।
মেটার এই যৌথ সাবস্ক্রিপশন ব্যবস্থার ফলে ২০৩০ সালের মধ্যে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় অতিরিক্ত ২০ বিলিয়ন ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ট্রুয়েস্ট।
ডিবিটেক/বিএমটি । সূত্র: টেকক্রাঞ্চ





