প্রযুক্তিতে নারী অংশগ্রহণ বৃদ্ধির প্রত্যয়

প্রযুক্তিতে নারী অংশগ্রহণ বৃদ্ধির প্রত্যয়
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৬  

তথ্যপ্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, অ্যালগরিদমিক চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতা জোরদারে আয়োজিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ‘বিডি গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬’।

​১৩ সেপ্টেম্বর, রবিবার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-এর যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এ আয়োজন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

​নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন বিএফএফ-এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং বিডিওএসএন-এর সভাপতি মুনির হাসান। আয়োজকরা জানান, দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের আগ্রহ তৈরি ও সক্ষমতা গড়ে তুলতে এটি একটি অনুপ্রেরণাদায়ী জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

​প্রতিযোগিতাটি দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে—স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়। স্কুল-কলেজ ক্যাটাগরিতে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি এবং এ-লেভেলের শিক্ষার্থীরা (এইচএসসি পরীক্ষার্থী ব্যতীত) অংশ নিতে পারবে। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং পলিটেকনিকের চতুর্থ সেমিস্টার পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবে। ঢাকা চূড়ান্ত পর্বের আগে দেশজুড়ে আঞ্চলিক সংযোগ, অনলাইন প্রশিক্ষণ এবং প্রিলিমিনারি পর্বের মাধ্যমে প্রতিযোগী বাছাই করা হবে।

​নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাক্টিভেশন সেশন ও মিনি ক্যাম্পের পাশাপাশি ৫ দিনব্যাপী নিবিড় অনলাইন প্রশিক্ষণ শিবিরের আয়োজন থাকবে, যা প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের সঙ্গে নতুনদের পরিচিত করবে। আগামী অক্টোবরে প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হবে এবং নভেম্বরে ঢাকায় প্রায় ২০০ জন চূড়ান্ত প্রতিযোগীকে নিয়ে জাতীয় ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। আগ্রহীরা আগামী সেপ্টেম্বর মাসজুড়ে ‘https://tinyurl.com/yhf7dmne’ লিংকের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবে। এছাড়া বিস্তারিত জানা যাবে ‘https://bdosn.org/olympiads/bdgpc’ ঠিকানায়।

​বিডিওএসএন-এর দীর্ঘমেয়াদি উদ্যোগ ‘হ্যাশট্যাগ মিসিং ডটার’ (#missingDaughter)-এর অংশ হিসেবে এ আয়োজন পরিচালিত হচ্ছে। ‘প্রতিভা সবখানেই রয়েছে, সুযোগও সবখানে পৌঁছানো উচিত’—এই বিশ্বাস থেকেই নারী শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকে কোডিং ও প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলোর সহায়তা ও অংশীদারত্বে দেশে একটি বৈচিত্র্যময় ও দক্ষ প্রযুক্তি কর্মীবাহিনী গড়ে তোলাই এর মূল লক্ষ্য।

//ডিবিটেক/এসএবি/এসই/ইআইসি//