বিশ্বমঞ্চে বাংলাদেশের স্টার্টআপ
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন থিতান
- থিতান চ্যাম্পিয়ন, গ্রিন পোলারিস প্রথম রানারআপ
- শূন্য দ্বিতীয় রানারআপ, পুরস্কার ১ লাখ টাকা
- সান ফ্রান্সিসকোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন দল
বাংলাদেশের স্টার্টআপ খাতে আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে জায়গা করে নিল থিতান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। প্রথম রানারআপ হয়েছে গ্রিন পোলারিস লিমিটেড এবং দ্বিতীয় রানারআপ হয়েছে টিম শূন্য। চ্যাম্পিয়ন দলটি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠেয় বৈশ্বিক স্টার্টআপ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের আঞ্চলিক পর্বের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ বিভাগ এ আয়োজন করে। ইভেন্ট পার্টনার হিসেবে সহায়তা করেছে কারা বাংলাদেশ ও অ্যাক্সিয়ন বাংলাদেশ।
গ্র্যান্ড ফাইনালে দেশের সেরা ১০টি স্টার্টআপ দল চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে। বিজয়ী দলগুলো মোট ১ লাখ টাকা পুরস্কার পায়। পাশাপাশি চ্যাম্পিয়ন দলটি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠেয় বৈশ্বিক স্টার্টআপ ওয়ার্ল্ড কাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। সেখানে দলটি ১০ লাখ মার্কিন ডলারের বিনিয়োগ পুরস্কারের জন্য নিজেদের উদ্যোগ উপস্থাপনের সুযোগ পাবে। শীর্ষ ১০টি দলকেও বিশেষ নেটওয়ার্কিং সেশনে অংশ নিতে সান ফ্রান্সিসকো যাওয়ার আমন্ত্রণ পাওয়ার সুযোগ রাখা হয়েছে।
বাংলাদেশ পর্বের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ বিভাগের প্রধান মো. কামরুজ্জামান দিদার। প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তরুণ উদ্যোক্তা এবং লাইভ শপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা মো. আশিক খান।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের পেগাসাস টেক ভেঞ্চারের ব্যবসা উন্নয়ন পরিচালক জাস্টিন জ্যাকসন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং আইসিটি বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
অধ্যাপক ড. এম. আর. কবির বলেন, “ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ বিভাগ সবসময় শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ও বাস্তব জীবনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষা দেওয়ার চেষ্টা করে। সেই ধারাবাহিকতায় বিভাগটি দ্বিতীয়বারের মতো স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে। স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৬ দেশের সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার এবং বাংলাদেশের উদ্ভাবনী সক্ষমতাকে বৈশ্বিক মঞ্চে প্রতিষ্ঠার নতুন সুযোগ তৈরি করেছে।”
জাস্টিন জ্যাকসন বলেন, “স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বিশ্বের অন্যতম বৃহৎ স্টার্টআপ প্রতিযোগিতা। বাংলাদেশসহ বিভিন্ন দেশের মেধাবী উদ্যোক্তাদের বৈশ্বিক মঞ্চে তুলে ধরার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।”
আয়োজকেরা জানান, স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ শুধু একটি প্রতিযোগিতা নয়; দেশের উদ্ভাবনী ও সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক ব্যবসায়িক মঞ্চে তুলে ধরার একটি উদ্যোগ। এর মাধ্যমে তরুণ উদ্যোক্তারা বিনিয়োগকারী, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগের সুযোগ পেয়েছেন, যা তাদের ব্যবসার সম্প্রসারণ ও বিকাশে ভূমিকা রাখতে পারে।
দেশের স্টার্টআপ পরিবেশকে আরও শক্তিশালী করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ বিভাগ নিয়মিত বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে। এসব কার্যক্রম উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
//ডিবিটেক/এএইচকে/েএনএপিিআইএইচ//





