এক দশক পর আসছে টেসলার নতুন ‘রোডস্টার’

এক দশক পর আসছে টেসলার নতুন ‘রোডস্টার’
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৬  

দীর্ঘ প্রায় নয় বছর ও বহুবার তারিখ পিছানোর পর অবশেষে বহুপ্রতীক্ষিত দ্বিতীয় প্রজন্মের ‘রোডস্টার’ ইলেকট্রিক সুপারকার উন্মোচনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেছে টেসলা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ‘গো ফর লঞ্চ’ ক্যাপশন এবং ‘১০.০১’ সম্বলিত একটি গ্রাফিক প্রকাশ করে আগামী ১ অক্টোবর ইভেন্টটির বার্তা দেওয়া হয়েছে। 

প্রকাশিত টিজারে ইলন মাস্কের রকেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘স্পেসএক্স’-এর সহযোগিতায় তৈরি বিশেষ ‘কোল্ড গ্যাস থ্রাস্টার’ প্রযুক্তির প্রতি ইঙ্গিত রয়েছে, যা গাড়িটিকে শূন্যে সামান্য ভাসিয়ে রাখতে সাহায্য করতে পারে।

নকশা পরিবর্তন ও আগের বিতর্ক
২০১৭ সালের নভেম্বরে প্রথম প্রোটোটাইপ উন্মোচনের পর থেকে দীর্ঘ বিলম্বের কারণে গাড়িটি নিয়ে বেশ জলঘোলা হয়েছে। গত বছর ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান ৫০ হাজার ডলারের বুকিং দেওয়ার সাড়ে সাত বছর পরও গাড়ি না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উষ্মা প্রকাশ করেছিলেন, যার জবাবে মাস্ক দাবি করেন অল্টম্যানকে সেই অর্থ ফেরত দেওয়া হয়েছে। 

সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের প্রাথমিক নকশাটি সম্পূর্ণ বাতিল করে একেবারেই নতুন এক ডিজাইনে রোডস্টারটিকে ঢেলে সাজানো হয়েছে।

টেসলা প্রধান ইলন মাস্ক পূর্বে নিশ্চিত করেছেন যে, ১ অক্টোবরের আনুষ্ঠানিক উন্মোচন এবং প্রদর্শনীর পরও গাড়িটির মূল বাণিজ্যিক উৎপাদন শুরু হতে আরও অন্তত ১২ থেকে ১৮ মাস সময় লাগতে পারে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ