কৃষিপ্রযুক্তিতে সাফল্যের স্বীকৃতি

ইনোভেশন ফেয়ারে চ্যাম্পিয়ন গাকৃবি

  • বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ৯৭ জাত ও ২০ প্রযুক্তি থেকে ১২টি প্রদর্শন
  • কৃষি ও খাদ্যনিরাপত্তায় উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরা

ইনোভেশন ফেয়ারে চ্যাম্পিয়ন গাকৃবি
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০০  
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৩  

উদ্ভাবন ও সৃজনশীলতায় সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এর বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। কৃষি, গবেষণা ও খাদ্যনিরাপত্তা সংশ্লিষ্ট ১২টি উদ্ভাবন প্রদর্শনের মাধ্যমে মেলায় এ স্বীকৃতি অর্জন করে বিশ্ববিদ্যালয়টি।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, টাইমস হায়ার এডুকেশন (টিএইচই), কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি)-এর বিভিন্ন আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে অবস্থান নিশ্চিত করার পর বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী কার্যক্রমের আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন। 

বিশ্ববিদ্যালয়ের দাবি, এসব উদ্ভাবনের বৈজ্ঞানিক গুরুত্ব, বাস্তব প্রয়োগযোগ্যতা, সৃজনশীলতা ও বাণিজ্যিক সম্ভাবনা দর্শনার্থী, শিল্প উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনের তুলনামূলক মূল্যায়নে বাকৃবির প্রযুক্তিগুলোকে সম্ভাবনাময় ও জনকল্যাণমুখী হিসেবে বিবেচনা করা হয়।

১৪ সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গাকৃবিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উদ্ভাবকরাও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় এ স্বীকৃতিতে সন্তোষ প্রকাশ করে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবক, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং গবেষণাগার ও মাঠপর্যায়ের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের ফল।

তিনি আশা প্রকাশ করেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন বাংলাদেশের কৃষিখাতের আধুনিকায়ন, উন্নয়ন ও টেকসই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এসব উদ্ভাবন দেশের খাদ্য ও কৃষি নিরাপত্তা নিশ্চিত করতেও কার্যকর অবদান রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান উদ্ভাবন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ গত ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়। ‘Innovate to Market’ প্রতিপাদ্যে আয়োজিত মেলায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শন করে।

মেলায় বিশ্ববিদ্যালয়গুলো প্রায় এক হাজারের বেশি উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তাদের উদ্ভাবিত ৯৭টি জাত ও ২০টির বেশি প্রযুক্তির মধ্য থেকে নির্বাচিত ১২টি জাত ও প্রযুক্তি প্রদর্শন করে।
//ডিবিটেক/এনএপি/এসএমই/এমআইএস//