যাচাইযোগ্য তথ্যেই ব্যবসার আস্থা
ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা প্রতিবেদন চালু
- ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট SAME-এর নতুন সেবা
- পাঁচ ফরম্যাটে যাচাইযোগ্য ব্যবসায়িক তথ্য
- অংশীদার ও আর্থিক প্রতিষ্ঠানে বাড়বে আস্থা
ব্যবসায়িক সম্পর্ক তৈরির আগে প্রতিষ্ঠানের পরিচয় ও তথ্য স্বাধীনভাবে যাচাইয়ের সুযোগ দিতে নতুন বিজনেস ক্রেডিবিলিটি রিপোর্ট (বিসিআর) চালু করেছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সাউথ এশিয়া, মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকা (ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট SAME)। ঝুঁকিসচেতন ব্যবসায়িক পরিবেশে যাচাইযোগ্য তথ্যকে আস্থার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরতেই নতুন এই সেবা চালু করা হয়েছে।
৮ সেপ্টেম্বর, মঙ্গলবার বাংলাদেশে বিসিআর চালুর ঘোষণা দেয় ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট SAME। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নতুন এই ব্যবসা যাচাই ব্যবস্থা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিচয় ও সক্ষমতার তথ্য স্বাধীনভাবে যাচাই এবং সংশ্লিষ্ট অংশীজনের কাছে তা উপস্থাপনে সহায়তা করবে।
বর্তমানে কোনো প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া, বাণিজ্যিক অংশীদারত্বে যাওয়া কিংবা নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরির আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য যাচাইয়ের গুরুত্ব বাড়ছে। এই চাহিদার প্রেক্ষাপটে বিসিআর এমন একটি সমাধান হিসেবে তৈরি করা হয়েছে, যেখানে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের ব্যবসায়িক তথ্যভান্ডার এবং বৈশ্বিক যাচাই সক্ষমতা ব্যবহার করে একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রোফাইলের স্বাধীন মূল্যায়ন তুলে ধরা হবে।
ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট SAME-এর জ্যেষ্ঠ নির্বাহী সামির আনিস বলেন, “ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট SAME-এর অনুমোদিত বিজনেস ক্রেডিবিলিটি রিপোর্ট এমন একটি অপরিহার্য হাতিয়ার, যা ক্রমবর্ধমান মূল্যনির্ভর ব্যবসায়িক পরিবেশে বিশেষ করে নিজেদের বিশ্বাসযোগ্যতা বাড়াতে চাওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ।”
বিসিআর পাঁচটি ভিন্ন ফরম্যাটে পাওয়া যাবে। প্রতিটি ফরম্যাটে এমন যাচাই করা তথ্য উপস্থাপন করা হবে, যা ব্যবসার বাইরের অংশীজন কোনো প্রতিষ্ঠান মূল্যায়নের সময় ব্যবহার করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী প্রতিবেদনের বিভিন্ন সংস্করণে সামষ্টিক অর্থনীতি, সংশ্লিষ্ট শিল্প এবং প্রতিষ্ঠানের পরিচালন কার্যক্রমের দৃষ্টিকোণও যুক্ত থাকবে।
বাংলাদেশের ব্যবসাগুলোর জন্য এই প্রতিবেদন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যবসায়িক তথ্য স্বাধীনভাবে যাচাইযোগ্য—এমন প্রমাণ অংশীদারদের সামনে উপস্থাপন করতে পারবে। ফলে গ্রাহক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়িক অংশীদারদের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য মূল্যায়ন তুলনামূলকভাবে সহজ হবে এবং ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আস্থা বাড়তে পারে।
যাচাই করা ব্যবসায়িক তথ্যের সঙ্গে শিল্প ও পরিচালনসংক্রান্ত প্রাসঙ্গিক বিশ্লেষণ এক জায়গায় থাকায় প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য ব্যবসায়িক অংশীদার সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পেতে পারবে। একই সঙ্গে নতুন বাণিজ্যিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ভিত্তি আরও শক্তিশালী হবে।
ব্যবসায়িক তথ্য যাচাইয়ের এই ব্যবস্থা বিশেষ করে এমন সময়ে চালু হলো, যখন ঋণ, বিনিয়োগ ও বাণিজ্যিক অংশীদারত্বের ক্ষেত্রে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা এবং তথ্যের নির্ভরযোগ্যতা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট SAME-এর নতুন প্রতিবেদন সেই যাচাই প্রক্রিয়াকে আরও কাঠামোবদ্ধ করার লক্ষ্যেই তৈরি করা হয়েছে।
//ডিবিটেক/এসএসপি/ডিএসই/এফও//





