২৫ গ্র্যাজুয়েটের দক্ষতা উন্নয়ন
সেমিকন্ডাক্টর টেস্টিংয়ে প্রশিক্ষণ শুরু
- ২৫ বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট পেলেন সেমিকন্ডাক্টর টেস্টিং প্রশিক্ষণ
- তিন মাসের কোর্সে থাকছে ব্যবহারিক দক্ষতা
- দুই বছরে প্রশিক্ষণ পাবেন ৩৫০০ তরুণ
বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পে টেস্টিং প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ২৫ বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটকে নিয়ে তিন মাসের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (BSIA)। শিল্পসংশ্লিষ্ট ব্যবহারিক জ্ঞান ও দক্ষতার মাধ্যমে তরুণদের দেশ-বিদেশের চাকরি এবং উদ্যোক্তা হওয়ার সুযোগের জন্য প্রস্তুত করাই এ কর্মসূচির লক্ষ্য।
এআইইউবি বনানী ক্যাম্পাসে Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার ‘Semiconductor Testing Training Course’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BSIA সভাপতি ও BSIA-SICIP Program Standing Committee (PSC)-এর চেয়ারপারসন এম. এ. জব্বার। প্রশিক্ষণার্থীদের আন্তরিকতা, পরিশ্রম এবং ধারাবাহিকভাবে শেখার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তোমাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্প কীভাবে পরিবর্তিত হচ্ছে তা বুঝতে হবে এবং নিজেদের সক্ষমতা তৈরিতে কঠোর পরিশ্রম করতে হবে। সঠিক দক্ষতা ও নিষ্ঠা থাকলে তোমরা চাকরি ও উদ্যোক্তা—উভয় ক্ষেত্রেই সুযোগ তৈরি করতে পারবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন SICIP-এর Joint Secretary and DEPD (FM) মাইনুল হোসেন। বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পের সম্প্রসারণ ও কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, “সেমিকন্ডাক্টর খাতে দেশে ও বিদেশে উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। সরকার SICIP-এর আওতায় তোমাদের দক্ষতা উন্নয়নে সরকারি অর্থ বিনিয়োগ করছে। তাই এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে সফল ক্যারিয়ারের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন SICIP-এর Deputy Secretary and AEPD (PM) মোহাম্মদ আফজাল হোসেন; BSIA Director ও iTest Bangladesh Ltd.-এর Director মুনির আ
হমেদ; এবং BRAC University-এর Electrical and Electronic Engineering (EEE) বিভাগের অধ্যাপক ড. হাসান উজ জামান।
এর আগে স্বাগত বক্তব্য দেন BSIA-SICIP-এর Chief Coordinator রাশিদুল হাসান। তিনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য ও বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রশিক্ষণার্থীদের পক্ষে শ্রাবণী পাল দীপি ও কামরুল আহসান তিন মাসের কোর্স নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান। তারা সেমিকন্ডাক্টর টেস্টিংয়ে ব্যবহারিক ও শিল্পভিত্তিক জ্ঞান এবং দক্ষতা অর্জনের আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে BSIA ও iTest Bangladesh Ltd.-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। BSIA-এর উদ্যোগে সেমিকন্ডাক্টর টেস্টিং প্রশিক্ষণ পরিচালনার জন্য এ সমঝোতা করা হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে MoU-তে স্বাক্ষর করেন BSIA সভাপতি এম. এ. জব্বার এবং iTest Bangladesh Ltd.-এর Director মুনির আহমেদ।
প্রশিক্ষণার্থীদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, BSIA-এর সদস্য এবং সংশ্লিষ্ট শিল্পের প্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে তারা Semiconductor Testing Training Laboratory পরিদর্শন করেন। এ সময় প্রশিক্ষণ পরিচালনার জন্য স্থাপিত ল্যাবের সুবিধা ও যন্ত্রপাতি সম্পর্কে অতিথিদের অবহিত করা হয়।
BSIA-SICIP কর্মসূচির আওতায় আগামী দুই বছরে সেমিকন্ডাক্টর প্রযুক্তির সাতটি বিশেষায়িত ক্ষেত্রে মোট ৩৫০০ তরুণ বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। শিল্পের প্রয়োজন অনুযায়ী জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা দিয়ে তাদের বাংলাদেশ ও আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য কর্মসংস্থান-উপযোগী পেশাজীবী হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির লক্ষ্য।
//ডিবিটেক/বিএইচএম/এসএমই/এমআইএসটি//





