কাস্টমসের অভিযানে উদঘাটন
অনলাইন পোশাক বিক্রেতার ৩.৭৬ কোটি রাজস্ব ফাঁকি
- অভিযানে সিপিইউসহ নথি জব্দ
- মামলাসহ আইনি কার্যক্রম চলমান
জনপ্রিয় অনলাইন পোশাক বিক্রয় প্রতিষ্ঠান ‘জে ক্রিয়েশন’-এর প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)। প্রতিষ্ঠানটির অনলাইন বিক্রয়সংক্রান্ত তথ্য যাচাই করে প্রাথমিকভাবে এই রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে। ফাঁকি দেওয়া রাজস্ব আদায়ে মামলাসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু হয়েছে।
১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৩ সেপ্টেম্বর) মিরপুরে অবস্থিত জে ক্রিয়েশনে আকস্মিক অভিযান পরিচালনা করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)। প্রতিষ্ঠানটি মূলত অনলাইনভিত্তিক ব্যবসার মাধ্যমে পাঞ্জাবি, শেরওয়ানি ও বিভিন্ন ধরনের তৈরি পোশাক বিক্রি করে।
অভিযানের সময় মূসক ফাঁকির আলামত পাওয়া যায়। পরবর্তী যাচাই-বাছাইয়ের জন্য মূসক-১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানের সিপিইউসহ বিভিন্ন দলিলাদি জব্দ করা হয়। এসব নথি ও ডিজিটাল তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটির বিক্রয়সংক্রান্ত তথ্য পরীক্ষা শুরু করে ভ্যাট কর্তৃপক্ষ।
এনবিআরের তথ্য অনুযায়ী, দুই দিন ধরে জব্দ করা নথি ও বিক্রয় তথ্য যাচাই-বাছাই করা হয়। মঙ্গলবার প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করা হয়েছে।
অনলাইনভিত্তিক ব্যবসা হওয়ায় প্রতিষ্ঠানের বিক্রয় ও লেনদেনের তথ্য যাচাইয়ে ডিজিটাল তথ্য ও কম্পিউটারভিত্তিক নথি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ধরনের তথ্য বিশ্লেষণের মাধ্যমে ঘোষিত বিক্রয় ও প্রকৃত ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে অসঙ্গতি শনাক্ত করা হয়েছে কি না, তা নিয়ে অধিকতর যাচাই চলছে।
এনবিআর জানায়, সংগৃহীত দলিলাদি আরও যাচাই-বাছাই করে রাজস্ব ফাঁকি আদায়ে মামলাসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
//ডিবিটেক/এসএমও/এমআইএস//





