বিসিবি ও রবির যৌথ উদ্যোগে নতুন ক্রিকেট তারকা অনুসন্ধানের সূচনা

দেশজুড়ে সেরা বোলারদের খোঁজে 'রবি পেসার ও স্পিনার হান্ট'

  • বিসিবি ও রবি অাজিয়াটার যৌথ উদ্যোগে শুরু হলো ‘র‌বি বোলার হান্ট’
  • ২৭ সেপ্টেম্বর সিলেট থেকে শুরু হয়ে ঢাকাসহ বিভাগীয় শহরে ৯টি ট্রায়াল অনুষ্ঠিত হবে
  • বিচারক প্যানেলে পাকিস্তানের মুশতাক আহমেদ ও ওয়েস্ট ইন্ডিজের কোরি কলিমোর

দেশজুড়ে সেরা বোলারদের খোঁজে 'রবি পেসার ও স্পিনার হান্ট'
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২৮  

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বোলিং তারকাদের খুঁজে বের করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সঙ্গে যৌথভাবে ‘র‌বি বোলার হান্ট’ (Robi Bowler Hunt) প্ল্যাটফর্মের উদ্বোধন করেছে রবি আজিয়াটা পিএলসি। ১৫ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে দেশব্যাপী এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ সেপ্টেম্বর সিলেট থেকে শুরু হবে বিভাগীয় পর্যায়ের ট্রায়াল। সকল বিভাগীয় শহর এবং ঢাকায় দুটিসহ সর্বমোট ৯টি ট্রায়াল অনুষ্ঠিত হবে। ট্রায়াল শেষে নির্বাচিত প্রতিভাবান পেসার ও স্পিনারদের (নারী ও পুরুষ) ঢাকায় চূড়ান্ত ক্যাম্পে আমন্ত্রণ জানানো হবে। পরবর্তীতে বিসিবি কর্তৃক চূড়ান্তভাবে মনোনীতদের খেলোয়াড় উন্নয়ন ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ট্র্যাকে অন্তর্ভুক্ত করা হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক প্রার্থীরা 'মাই রবি' (My Robi) এবং 'মাই সার্কেল' (My Cirkle) অ্যাপসের মাধ্যমে ট্রায়ালের আগের দিন পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। প্রতিযোগিতার বিচারক প্যানেলে প্রাক্তন পাকিস্তানি লেগ-স্পিনার মুশতাক আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার কোরি কলিমোরসহ বাংলাদেশের প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটাররা দায়িত্ব পালন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ শাতারা বলেন, "রবি বোলার হান্টের মাধ্যমে আমরা উদীয়মান নারী ও পুরুষ পেসার এবং স্পিনারদের দক্ষতার বিকাশ ঘটাতে চাই। বিসিবির সঙ্গে এই অংশীদারিত্ব তরুণদের নতুন পথ দেখাবে।" বিসিবি সভাপতি তামিম ইকবাল খান বলেন, "ক্রিকেটে সাফল্য ধরে রাখতে নতুন প্রতিভা অন্বেষণের বিকল্প নেই। রবির সঙ্গে এই যৌথ উদ্যোগ বিসিবির দীর্ঘমেয়াদী পাইপলাইনকে আরও শক্তিশালী করবে।"
//ডিবিটেক/এনজেআর/এসএমই/এমআইএস//