ডিজিটাল জোনিং ও অটোমেশন জোরদার
ভূমি ব্যবস্থাপনায় বড় ডিজিটাল রূপান্তরের সিদ্ধান্ত
- ভূমি ব্যবস্থাপনা অটোমেশন ও ডিজিটাল জোনিং প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ
- আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করার সিদ্ধান্ত গ্রহণ
- রাজস্ব বৃদ্ধি ও নাগরিক সেবা ত্বরান্বিত করতে শূন্য পদ পূরণের সুপারিশ
ভূমি ব্যবস্থাপনা অটোমেশন, ডিজিটাল জরিপ এবং মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল জোনিং অবকাঠামোকে অগ্রাধিকার দিয়ে বড় ধরনের প্রযুক্তিগত রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।
সংসদ ভবনে কমিটির সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে ১৬ সেপ্টেম্বর, বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করতে প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত আসে। এছাড়া ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে ডিজিটালাইজড ভূমি ব্যবস্থাপনা স্থাপন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
বৈঠকে উপস্থাপিত সূত্রে জানা যায়, বর্তমানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প, জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম সংস্কার ও মেরামত প্রকল্প, ডিজিটাল জরিপ কার্যক্রম এবং শহর, ইউনিয়ন ও সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ কাজ বাস্তবায়নাধীন রয়েছে। কমিটি যেকোনো প্রকল্প বাস্তবায়নে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি এবং নাগরিক সেবা সহজীকরণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে। পাশাপাশি ডিজিটাল ও সার্বিক সেবা কার্যক্রম ত্বরান্বিত করতে মাঠপর্যায়ের শূন্য জনবল দ্রুত নিয়োগের তাগিদ দেওয়া হয় এবং মন্ত্রণালয়টির কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণে ভূমি ভবন পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, জয়নাল আবদিন, শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, এরশাদ উল্লাহ, সুলতানা আহমেদ, মোঃ মাহবুবুর রহমান (বেলাল) এবং মুহাম্মদুল্লাহ। শুরুতে পরিচিতি পর্ব শেষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যাবলী, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সার্বিক অগ্রগতি তুলে ধরা হয়। এতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, দপ্তর ও সংস্থাপ্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/একেপি/এসএমই/এমআইএসটি//





