স্বচ্ছ ভাড়া ও তথ্যনির্ভর ব্যবস্থাপনা
ডিজিটাল টিকিটিং বদলে দেবে পরিবহন খাত
- একক সিস্টেমের সমন্বিত ডিজিটাল কাঠামোতে ডেটা বিশ্লেষণ করে রুট পরিকল্পনা নিশ্চিতকরণ
- ডেটা সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদার এবং ডিজিটাল বিভাজন দূর করার আহ্বান
- সরকারি রাজস্ব বৃদ্ধি, যাত্রী স্বার্থরক্ষা এবং আন্তঃসংযোগভিত্তিক স্মার্ট গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা
গণপরিবহনব্যবস্থাকে কাগজের টিকিটের বিকল্প থেকে বের করে সমন্বিত ডিজিটাল টিকিটিং আর্কিটেকচার, যাত্রী চলাচলের ডেটা বিশ্লেষণ এবং নিরাপদ অনলাইন পেমেন্ট কাঠামোর আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞ ও খাতসংশ্লিষ্টরা।
১৬ সেপ্টেম্বর, ২০২৬ (বুধবার), রাজধানীর আমারি ঢাকা হোটেলে নতুন নীতি সংলাপ প্ল্যাটফর্ম বেঞ্চমার্ক ডায়ালগ আয়োজিত ‘ডিজিটাল টিকিটিং টু ট্রান্সফর্ম লাইভস, পাওয়ার্ড বাই সহজ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ অভিমত তুলে ধরেন। পাবলিক রিলেশনস প্রতিষ্ঠান বেঞ্চমার্ক ও অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম সহজের যৌথ সহযোগিতায় আয়োজিত এ আলোচনা সঞ্চালনা করেন বেঞ্চমার্ক ডায়ালগের চেয়ারম্যান আশরাফ কায়সার।
স্বাগত বক্তব্য দেন সহজ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব.) মো. আমিনুল হক এবং বর্তমান অবস্থা তুলে ধরেন সহজের পরিচালক (টিকিট) শাকিল জোয়াদ রহিম।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন বলেন, কর পরিশোধ, ব্যাংকিং, বিল প্রদান ও সামাজিক সুরক্ষার মতো ক্ষেত্রগুলো ডিজিটালাইজড হচ্ছে; যার গুরুত্বপূর্ণ অংশ পরিবহন খাত। তবে এ ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা বজায় রাখতে হবে, যাতে মানুষের মধ্যে কোনো উৎকণ্ঠা বা নতুন করে ‘ডিজিটাল বিভাজন’ তৈরি না হয়। সবার জন্য ইনক্লুসিভিটি নিশ্চিত করে প্রক্রিয়াটি হয়রানিহীন করার তাগিদ দেন তিনি।
তথ্যপ্রযুক্তি বিভাগের ডিজিটাল গভর্ন্যান্স অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. নবীর উদ্দিন জানান, সরকারের ভিশন অনুযায়ী একটি সমন্বিত একক সিস্টেম গড়ে তুলতে হবে, যার ব্যাকএন্ডে একাধিক সেবাদাতা ও পেমেন্ট পদ্ধতি থাকবে। বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার শুকদেব ঢালী জানান, পিংক বাসে ইতোমধ্যে শতভাগ অনলাইন টিকেটিং চলছে, যা সরকারি কোষাগারে সঠিক অর্থ জমার আস্থা তৈরি করে।
বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ বলেন, কার্যকর ডিজিটাল ইকোসিস্টেমে ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে চাপের রুট ও যাত্রী সংখ্যা বিশ্লেষণ করে সঠিক পরিকল্পনা সাজাতে হবে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এএইচএম শফিকুজ্জামান ই-কমার্সের অতীত অভিজ্ঞতার আলোকে পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয় ও গ্রাহক স্বার্থ সুরক্ষার আহ্বান জানান।
যাত্রী কল্যাণ সমিতির সভাপতি শরীফ রফিকুজ্জামান যাত্রীদের জন্য বীমা সুবিধা নিশ্চিত ও ঢাকার বিশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন চান।
এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক টিকিট নিয়ে দরকষাকষির অস্বাস্থ্যকর প্রতিযোগিতা বন্ধে ক্যাশলেস লেনদেনের ওপর জোর দেন। শ্যামলী পরিবহনের পরিচালক রজত ঘোষ যত্রতত্র কাউন্টার না রেখে টার্মিনালভিত্তিক ডিজিটালাইজেশনের তাগিদ দেন।
এছাড়া সেনা কল্যাণ ট্রাভেলসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালেদ কামাল টিকিটের পর সিট পাওয়ার শঙ্কা দূরীকরণে আস্থা তৈরির কথা বলেন। ফ্যান্টাসি আইল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) মাকসুদুর রহমান আদনান সমন্বিত ইউনি-কার্ড চালুর প্রস্তাব দেন এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম কামরুল ইসলাম অভ্যন্তরীণ বিমান খাতের ডিজিটালাইজেশনে দেশীয় উদ্যোগ ও অনলাইন ট্রাভেল এজেন্সির আধুনিক ভূমিকার ওপর গুরুত্ব দেন। ধারাবাহিক এই সংলাপের পরবর্তী ধাপে রাজস্ব আদায় ও ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে আলোচনা হবে।
//ডিবিটেক/ইএইচএম/এমআইএস/আইএইচ//





