অক্টোবরে ফিরছে অ্যামাজনের ‘প্রাইম বিগ ডিল ডেজ’ সেল

অক্টোবরে ফিরছে অ্যামাজনের ‘প্রাইম বিগ ডিল ডেজ’ সেল
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫৮  

বিশ্বখ্যাত ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন আগামী ৬ ও ৭ অক্টোবর আয়োজন করতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত কেনাকাটার উৎসব ‘প্রাইম বিগ ডিল ডেজ’। বছরের সবচেয়ে বড় মূল্যছাড়ের উৎসব ‘ব্ল্যাক ফ্রাইডে’-র আগেই গ্রাহকদের সাশ্রয়ী কেনাকাটার সুযোগ করে দিতে এই দুই দিনব্যাপী উৎসবের ঘোষণা দেওয়া হয়েছে। 

অ্যামাজন জানিয়েছে, ৩৫টিরও বেশি ক্যাটাগরির পণ্যে বিশেষ ছাড় দেওয়া হবে। আগামী ৬ অক্টোবর পূর্ব নির্ধারিত সময়ে সেল শুরু হওয়ার পর প্রতিদিন তিনবার নতুন নতুন অফার যুক্ত হবে ‘টুডেজ বিগ ডিলস’ ব্যানার অধীনে। 

শার্ক, অ্যাঙ্কার, সনি এবং লেগোর মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর পাশাপাশি অ্যামাজনের নিজস্ব কিন্ডল ও ইকো ডিভাইসে বড় অঙ্কের মূল্যছাড় থাকবে।

গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে অ্যামাজনের স্মার্ট অ্যাসিস্ট্যান্ট ‘আলেক্সা’-কে বিশেষভাবে যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা নির্দিষ্ট পণ্যের ছাড় সম্পর্কে সতর্কবার্তা বা ‘ডিল অ্যালার্ট’ পেতে আলেক্সাকে নির্দেশনা দিতে পারবেন। 

এমনকি পছন্দের পণ্যের জন্য একটি নির্দিষ্ট দাম নির্ধারণ করে দিলে, মূল্য ছাড়ের পর দাম সেটিতে নেমে এলে আলেক্সা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর পক্ষে পণ্যটি কিনে নিতে পারবে। এর পাশাপাশি ব্যবহারকারীর পূর্বে তৈরি করা শপিং লিস্টে থাকা পণ্যে কোনো ছাড় পাওয়া যাচ্ছে কি না, তা-ও পরীক্ষা করে জানাবে এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট।

প্রযুক্তিপণ্য ছাড়াও রান্নাঘরের সামগ্রী, ফ্যাশন, প্রসাধনী ও গৃহস্থালী পণ্যের পাশাপাশি আসন্ন হ্যালোইন উৎসবকে ঘিরে প্রয়োজনীয় পোশাক ও সামগ্রীর ওপর ‘টপ ১০০+ ডিলস’ বিভাগ চালু থাকবে। 

তবে উৎসবের আমেজে সব অফারকেই আকর্ষণীয় মনে হতে পারে, তাই ক্যামেলক্যামেলক্যামেল বা কিপার মতো ডিজিটাল মূল্য পর্যবেক্ষণকারী টুল ব্যবহার করে পণ্যের পূর্ববর্তী দাম যাচাই করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। মূল সেল অক্টোবরের শুরুতে হলেও কিছু কিছু প্রারম্ভিক অফার ইতিমধ্যেই অ্যামাজনে উন্মুক্ত করা হয়েছে।

ডিবিটেক/বিএমটি     ।    সূত্র: এনগ্যাজেট