বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬:

গবেষণার গৌরবোজ্জ্বল সাফল্যে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের উল্লাস 

  • 'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬'-এ সরকারি-বেসরকারি ৭৩টির বেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২য় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • ন্যানো-ইউরিয়া, স্মার্ট সেন্সর ও হাইড্রোজেন উৎপাদন প্রযুক্তিসহ সাড়াজাগানো গবেষণার স্বীকৃতি
  • সাফল্য উদযাপনে যবিপ্রবি ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গবেষণার গৌরবোজ্জ্বল সাফল্যে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের উল্লাস 
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩১  

রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) আয়োজিত জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) দ্বিতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। দেশের ৭৩টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় যবিপ্রবির গবেষকদের এই অভাবনীয় সাফল্য উদযাপনে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ক্যাম্পাসে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেলা ১২টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হওয়া র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক, স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন এবং কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন প্রদক্ষিণ করে। সমাবেশে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, "যবিপ্রবিতে যে উচ্চমানের গবেষণা ও উদ্ভাবনী কাজ হয়, এটি তারই স্বীকৃতি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আমাদের এই গবেষণাগুলোকে বাণিজ্যিক পণ্যে রূপান্তর করে দেশের মানুষের কল্যাণে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে।" এ সময় উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান গবেষক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে আয়োজিত এই মেলায় যবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খানের পরিচালিত ‘ন্যানো ইউরিয়া’ গবেষণা প্রকল্পটি ব্যাপকভাবে প্রশংসিত হয়। এটি প্রচলিত ইউরিয়ার বিকল্প হিসেবে কৃষকের ব্যয় ও দেশের আমদানিনির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কৃষি ও খাদ্য নিরাপত্তায় স্মার্ট সেন্সর, ন্যানো-ক্যারিয়ার ড্রাগ, প্রিবায়োটিক এবং পানি থেকে সরাসরি হাইড্রোজেন উৎপাদনের মতো আধুনিক উদ্ভাবনগুলো যবিপ্রবিকে এই মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত করেছে।                //ডিবিটেক/এনএইচজেএনইউ/এসএমপি/এমআইএসটি//