প্রার্থী শূন্য আন্তর্জাতিক পদের মধ্যে সংশোধিত তফসিলে ভোটের প্রস্তুতি

বেসিস ভোটে ১১ পদের ২৬ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ

  • বেসিসের কার্যনির্বাহী পর্ষদের ১১ পরিচালক পদে নির্বাচনের প্রাথমিক তালিকা প্রকাশ

বেসিস ভোটে ১১ পদের ২৬ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ
২৭ আগষ্ট, ২০২৬ ১৮:০৯  
২৮ আগষ্ট, ২০২৬ ০০:২১  

বাংলাদেশ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন ২০২৬–২০২৮-এর জন্য প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ করেছে নির্বাচন বোর্ড। নতুন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

২৭ আগস্ট, বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ করা হয়। এতে দেখা যায়, মোট ১১টি পরিচালক পদের বিপরীতে ২৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তানি-১) তানিয়া ইসলাম। বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন উপসচিব (রপ্তানি-২) নাসরিন সুলতানা ও উপসচিব (রপ্তানি-৩) মোহাম্মদ জাকির হোসেন।

প্রকাশিত প্রাথমিক প্রার্থীতালিকা অনুযায়ী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন:

  • প্রেসিডেন্ট পদ (৪ জন): রাফেল কবির (ডিএনএস সফটওয়্যার লি.), মোস্তফা রফিকুল ইসলাম (ফ্লোরা টেলিকম লি.), ইকবাল আহমেদ ফখরুল হাসান (ডিভাইন আইটি লি.) এবং এ কে এম আশরাফ উদ্দিন (ডিসেন্ট অ্যাক্ট ইন্টারন্যাশনাল)।

  • সিয়েনর ভাইস প্রেসিডেন্ট পদ (৩ জন): সাইফুল ইসলাম সিদ্দিক (আইসিসি টেলিসার্ভিসেস লি.), নূর মাহমুদ খান (রাইট ব্রেইন সলিউশন লি.) এবং আনিসুল হক ভূঁইয়া (টেক টেরেইন আইটি লি.)।

  • ভাইস প্রেসিডেন্ট - এডমিন পদ (২ জন): হাসনাইন মোঃ রিয়াদ (স্মার্ট ল্যাব) এবং মুসনাদ ই আহমদ (স্কাইটেক সলিউশনস)।

  • ভাইস প্রেসিডেন্ট - ফিন্যান্স পদ (৩ জন): তানিয়া সুলতানা (সিনার্জি ইন্টারফেস লি.), তৌফিকুল করিম সুহৃদ (ফিঙ্গারপ্রিন্টস ইনোভেশনস লি.) এবং তানজিল আবেদীন (ট্রেন্ডস বার্ড লি.)।

  • ডাইরেক্টর - জেনারেল পদ (১০ জন): মোঃ জুয়েল (ট্রাস্ট আইটি বিডি লি.), সুমচ মোহাম্মদ তারেক (বিডিটাস্ক লি.), আপেল মাহমুদ খান (বিজেডএম গ্রাফিক্স লি.), মোঃ আবদুর রাজ্জাক রূপম (ওএস ক্লিকস), দেলোয়ার আলম (বাগসবিডি লি.), আরেফীন রাফি আহমেদ (পালস টেক লি.), আবদুল্লাহ আল মামুন (প্রাইমেক্স ইনফরমেশন সিস্টেমস লি.), ফেরদৌস আলম (াতোভা টেকনোলজি), মোঃ রাশেদুল ইসলাম (ই-মেডিকেল সফটওয়্যার লি.) এবং মোঃ ফুয়াদ হাসান (রেড স্প্যারো লি.)।

  • ডাইরেক্টর - অ্যাসোসিয়েট পদ (৩ জন): সৈয়দ শফিউল আলম (বি ডেটা সলিউশনস লি.), মোঃ জুবাযের রিয়েল (সিসম্যাট্রিক্স টেকনোলজিস লি.) এবং আহমেদ আরমান সিদ্দিকী (গ্রামীণ হেলথটেক লি.)।

  • ডাইরেক্টর - অ্যাফিলিয়েট পদ (১ জন): সুমাইয়া ইসলাম (ক্রিয়েটো ডিজাইন রিসার্চ ল্যাব লি.)।

প্রকাশিত তালিকায় দেখা যায়, ১১টি পরিচালক পদের মধ্যে ১টি পদ অর্থাৎ ‘ইন্টারন্যাশনাল ক্যাটাগরি’তে কোনো প্রার্থী নেই। বেসিসের মোট সদস্য সংখ্যা প্রায় ২৮৮২ জনের বেশি হলেও আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে মাত্র ৫ জন সদস্য রয়েছে। ফলে এই পদ থাকা নিয়েও এখন প্রশ্ন উঠেছে।

তফসিল অনুযায়ী ১৪-২০ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে বাংলাদেশ সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের ৩ নম্বর ভবনের ১২৩ ও ১২৬ নম্বর কক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করা হয়। এর আগে গত ১৪ মার্চ ২০২৬ তারিখে বেসিস সভাকক্ষে বেসিস প্রশাসক জনাব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান-এর সভাপতিত্বে ৩য় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মেমোরেন্ডাম হালনাগাদ, মেম্বারশিপ অডিট, ভোটার তালিকা, বাজেট ও প্রশাসনিক অনুমোদনসহ সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় করা হয়। সভায় নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আইআইটি-২) মুর্শেদা জামান এবং নির্বাচন বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।

তবে গত ৬ জুলাই বেসিস প্রশাসকের মেয়াদ শূন্য হওয়ার পর থেকে সংগঠনটি অনেকটা অভিভাবকহীনভাবেই চলছে। গত ২৭ জুলাই মন্ত্রণালয় থেকে একটি টিম বেসিস কার্যালয় ভিজিট করলেও এবার প্রার্থীরা মন্ত্রণালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে বাধ্য হয়েছেন।

এমন পরিস্থিতিকে অস্বস্তিকর বলে মনে করছেন বেসিসের সাবেক নেতারা। এ বিষয়ে বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর বলেন, "গত দেড় বছরে মন্ত্রণালয় অ্যাসোসিয়েশনকে ধ্বংস করছে। ফলে নির্বাচনে সদস্যদের আগ্রহ কমে গেছে। এছাড়াও ৫ জন সদস্যের জন্য একটি পদ থাকার কোনো প্রয়োজন দেখি না।"

প্রকাশিত এই প্রাথমিক প্রার্থীতালিকাটি সিআইবি (CIB) রিপোর্ট, এনবিআর (NBR) ক্লিয়ারেন্স এবং পুলিশ ক্লিয়ারেন্সের ওপর নির্ভরশীল এবং কোনো নেতিবাচক মন্তব্য থাকলে পূর্ব নোটিশ ছাড়াই প্রার্থিতা বাতিল হতে পারে বলে নোটিশে জানানো হয়েছে। 
//ডিবিটেক/এসআইএস/এমআইএস/ইএমএস//