বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে টেকসই ব্যবস্থাপনার তাগিদ বিইপিআরসি চেয়ারম্যানের; একাডেমিয়া-ইন্ডাস্ট্রি পার্টনারশিপের আহ্বান

গবেষণায় দেশীয় কয়লা ও নবায়নযোগ্য শক্তির ওপর জোর

  • চুয়েটে পিএমই বিভাগের উদ্যোগে টেকসই জ্বালানি কৌশল ও উদ্ভাবনবিষয়ক জাতীয় সিম্পোজিয়াম অনুষ্ঠিত
  • বৈদেশিক মুদ্রার চাপ কমাতে পরিবেশ সুরক্ষিত রেখে আমদানির বিকল্প হিসেবে দেশীয় কয়লা ব্যবহারের ওপর গুরুত্বারোপ
  • জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা বৃদ্ধি এবং বিইপিআরসির অনুদান সুবিধার সদ্ব্যবহারের আহ্বান

গবেষণায় দেশীয় কয়লা ও নবায়নযোগ্য শক্তির ওপর জোর
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪০  

চট্টগ্রাম: ভবিষ্যৎ বৈশ্বিক বিপর্যয় মোকাবিলায় স্বনির্ভরতা অর্জন এবং টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে প্রাতিষ্ঠানিক গবেষণার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি। ১৬ সেপ্টেম্বর, ২০২৬ বুধবার সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একাডেমিক কাউন্সিল কক্ষে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ আয়োজিত এক জাতীয় সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

“Advancing Sustainable Energy Strategy for Bangladesh: Research, Innovation & Collaboration” শীর্ষক এ সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের চিফ প্যাট্রন এবং চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, "আমদানিকৃত কয়লার ওপর অতিনির্ভরশীলতা কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে দেশীয় কয়লার সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে জাতীয় অর্থনীতির বৈদেশিক মুদ্রার ওপর চাপ অনেকটাই লাঘব হবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমাদের দীর্ঘমেয়াদি জ্বালানি ব্যবস্থার রূপরেখা তৈরি করতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নবায়নযোগ্য জ্বালানি খাতের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন, যা বাস্তবায়নে প্রকৌশল শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধা অত্যন্ত জরুরি।"

চিফ প্যাট্রনের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, "নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য জ্বালানির সুষম সমন্বয়েই দেশের টেকসই উন্নয়ন নিহিত। বিইপিআরসি প্রদত্ত বিভিন্ন গবেষণা প্রকল্প ও অনুদানের পূর্ণ সদ্ব্যবহার করতে শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণা প্রস্তাবনা তৈরিতে মনোযোগী হতে হবে।"

সিম্পোজিয়ামে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মো. রফিকুল ইসলাম এবং মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পিএমই বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন প্রভাষক শ্রাবনী তালুকদার।

অনুষ্ঠানের টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসন ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, স্রেডার (SREDA) পরিচালক প্রকৌশলী মো. মুজিবুর রহমান এবং বিইপিআরসির পরিচালক ড. হাসান মাহমুদ। পরবর্তীতে “Industry-Academia Collaboration in Bangladesh: Current Landscape and Future Prospects” শীর্ষক প্যানেল আলোচনায় বিইপিআরসি চেয়ারম্যান, চুয়েট উপাচার্য এবং চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া অংশ নেন।

//ডিবিটেক/ এআইএম/এসএমই/এমআইএসটি//