এআই দিয়ে গেম তৈরি সহজ করছে রোবলক্স

এআই দিয়ে গেম তৈরি সহজ করছে রোবলক্স
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৮  

বার্ষিক ‘রোবলক্স ডেভলপার কনফারেন্স (আরডিসি)’-এ গেম তৈরির প্রক্রিয়া আরও সহজ ও বিস্তৃত করতে একগুচ্ছ নতুন ফিচার উন্মোচন করেছে জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স। প্রতিষ্ঠানটি তাদের জেনারেটিভ এআই টুল ‘বিল্ড’-এর সুবিধা বাড়াচ্ছে, যার মাধ্যমে সাধারণ লিখিত কমান্ড বা প্রম্পট ব্যবহার করেই পুরো গেম তৈরি করা সম্ভব। 

নিউজিল্যান্ডের পর সার্বিয়া ও সিঙ্গাপুরে টুলটির অ্যালফা সংস্করণ সম্প্রসারণ করা হচ্ছে। এতে যুক্ত হচ্ছে বড় স্ক্রিনে কাজের জন্য ডেস্কটপ অ্যাক্সেস, নতুন অ্যাসেট লাইব্রেরি এবং অদূর ভবিষ্যতে যুক্ত হতে যাওয়া প্রম্পট-ভিত্তিক ‘সিন জেনারেটর’ সুবিধা। 

রোবলক্সের বাইরে স্বাধীন অ্যাপ হিসেবে গেম খেলার সুবিধা
এখন থেকে নির্মাতারা রোবলক্স গেম ইঞ্জিন ব্যবহার করে তৈরি করা অভিজ্ঞতাগুলোকে কেবল রোবলক্স অ্যাপের ভেতর সীমাবদ্ধ না রেখে মোবাইল, পিসি ও কনসোলের জন্য পৃথক ‘স্ট্যান্ডঅ্যালোন’ অ্যাপ হিসেবে প্রকাশ করতে পারবেন। 

চলতি বছরের শেষ নাগাদ ব্যবহারকারীরা ক্রোম ব্রাউজারের একটি মাত্র লিংকের মাধ্যমে কোনো বাড়তি অ্যাপ ইনস্টল ছাড়াই সরাসরি গেমে যুক্ত হতে পারবেন। এছাড়া নন-প্লেয়ার ক্যারেক্টার-এ যুক্ত হচ্ছে স্বয়ংক্রিয় গেম পরীক্ষার ক্ষমতা, দুর্বল নেটওয়ার্কের জন্য ‘অফলাইন মোড’ এবং টুডি গেম তৈরির বিশেষ সুবিধা। 

নির্মাতাদের জন্য ‘রোবলক্স ওয়ালেট’ ও অর্জিত অর্থ তোলার সুযোগ
২০১৩ সাল থেকে এ পর্যন্ত রোবলক্স প্ল্যাটফর্ম থেকে গেম নির্মাতারা ৫ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছেন, যার মধ্যে কেবল গত ১২ মাসেই এসেছে ১.৭ বিলিয়ন ডলার। 

ক্রিয়েটর ইকোনমিকে আরও শক্তিশালী করতে এয়ারওয়ালেক্সের সাথে অংশীদারিত্বে চালুর অপেক্ষায় ‘রোবলক্স ওয়ালেট’। এই সেবার মাধ্যমে ১৮ বা তার বেশি বয়সী মার্কিন ক্রিয়েটররা তাদের অর্জিত অর্থ প্রতিদিনের ভিত্তিতে সরাসরি আসল মুদ্রায় নিজ ওয়ালেটে পাবেন এবং ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। 

পাশাপাশি ২০২৭ সালে চালুর পরিকল্পনা রয়েছে ‘রোবলক্স কার্ড’, যা দিয়ে নির্মাতারা ব্যাংক অ্যাকাউন্টে না পাঠিয়েই যেকোনো জায়গায় সরাসরি সেই অর্থ খরচ করতে পারবেন।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: টেকক্রাঞ্চ