পঞ্চম শিল্প বিপ্লবের প্রস্তুতি

তরুণদের এআই দক্ষ হওয়ার আহ্বান

  • চতুর্থ শিল্প বিপ্লবের পর পঞ্চম শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ আসছে
  • এআইসহ আধুনিক প্রযুক্তিতে তরুণদের দক্ষ হতে হবে
  • বিজ্ঞান এক্সপোজিয়ামে ২০০ শিক্ষার্থী পেল পুরস্কার

তরুণদের এআই দক্ষ হওয়ার আহ্বান
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৮  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিকতা কাজে লাগিয়ে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। তিনি বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের ধারাবাহিকতায় সামনে পঞ্চম শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ আসছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের বিকল্প নেই।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘দ্বিতীয় বাংলাদেশ সায়েন্স এক্সপোজিয়াম ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স সোসাইটি, বেস্টক্যাড কর্প এবং ওয়াদুদ ময়মুন্নেসা ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের পাশাপাশি সামনে পঞ্চম শিল্প বিপ্লবের চ্যালেঞ্জও আসছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে।

তবে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি শিক্ষা, প্রজ্ঞা ও জ্ঞানকে কাজে লাগিয়ে ভালো মানুষ এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে ওঠার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষতার সঙ্গে নৈতিকতা ও দায়িত্ববোধও গুরুত্বপূর্ণ।

উচ্চশিক্ষা ও গবেষণার প্রসঙ্গে তিনি সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, উচ্চশিক্ষায় ঋণ সুবিধা দেওয়ার পাশাপাশি গবেষণা খাতেও বরাদ্দ বাড়ানো হচ্ছে। এর ফলে শিক্ষার্থী ও তরুণদের উচ্চশিক্ষা এবং গবেষণায় আরও বেশি সুযোগ তৈরি হবে।

তরুণ প্রজন্মকে দেশের ভবিষ্যৎ উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, আজকের তরুণরাই আগামী দিনের শক্তি। জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এর আগে গত ৩১ জুলাই ও ১ আগস্ট অনুষ্ঠিত ‘দ্বিতীয় বাংলাদেশ সায়েন্স এক্সপোজিয়াম ২০২৬’-এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক এ আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে ২০০ জনকে পুরস্কার দেওয়া হয়।
//ডিবিটেক/এমআরআইডিইউ/এমএমই/এমআইএসটি//