আইসিটি খাতের দক্ষ মানবসম্পদ গড়তে পাইথন ও ইউআই/ইউএক্স কোর্সের প্রথম ব্যাচের যাত্রা
পাইথন ও ইউআই/ইউএক্স প্রশিক্ষণ শুরু সিসিপ-বেসিসের
- পাইথন ও ইউআই/ইউএক্স প্রশিক্ষণের উদ্বোধন
- শিল্প-উপযোগী দক্ষতা ও কর্মসংস্থানে গুরুত্ব
- আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন ও ব্যবহারিক প্রশিক্ষণ
দেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য শিল্প-উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ‘Python Programming’ ও ‘UI/UX Design’ কোর্সের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
রাজধানীর কাওরান বাজারে বেসিস অডিটোরিয়ামে ২৯, জুলাই বুধবার আয়োজিত অনুষ্ঠানে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। যৌথভাবে এ আয়োজন করেছে সিসিপ (Skills for Industry Competitiveness and Innovation Program-SICIP) এবং বেসিস।
সিসিপের চিফ কোঅর্ডিনেটর খালেদা বেগম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসিসের প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিসের সদস্য ও SICIP-BASIS কর্মসূচির ফোকাল পারসন মো. রওশন কামাল জেমস এবং সম্মানিত অতিথি ছিলেন বেসিস ও সিসিপের প্রোগ্রাম স্ট্যান্ডিং কমিটির (পিএসসি) সদস্য বেলাল আহমেদ। অনুষ্ঠানে প্রায় ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন, এ ধরনের প্রশিক্ষণকে শুধু ‘ফ্রি কোর্স’ হিসেবে দেখার সুযোগ নেই। দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং বেকার জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের বিদ্যমান দক্ষতা আরও সমৃদ্ধ করবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।
তিনি বলেন, আইসিটি খাতে সার্টিফিকেশনের গুরুত্ব থাকলেও কেবল সনদ অর্জনই যথেষ্ট নয়; নিয়মিত অনুশীলন এবং বাস্তব প্রকল্পে কাজের অভিজ্ঞতার মাধ্যমেই প্রকৃত দক্ষতা অর্জন সম্ভব। আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি মো. রওশন কামাল জেমস বলেন, দেশের দ্রুত সম্প্রসারণশীল তথ্যপ্রযুক্তি শিল্পের চাহিদা পূরণে দক্ষ জনবল তৈরির বিকল্প নেই। SICIP-BASIS-এর এ প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের কর্মমুখী দক্ষতা অর্জন এবং শিল্পের প্রয়োজন অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে সহায়ক হবে। তিনি প্রশিক্ষণার্থীদের আন্তরিকতা, নিয়মিত অনুশীলন ও নিষ্ঠার সঙ্গে কোর্স সম্পন্ন করার আহ্বান জানান।
সম্মানিত অতিথি বেলাল আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বেসিস দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। তিনি প্রশিক্ষণার্থীদের চার মাসের প্রশিক্ষণকাল সর্বোচ্চ কাজে লাগিয়ে দক্ষতা অর্জন এবং সেই জ্ঞান দেশের উন্নয়নে প্রয়োগের আহ্বান জানান।
আয়োজকরা জানান, SICIP-BASIS কর্মসূচির আওতায় Python Programming, UI/UX Design এবং Technical Sales Specialist-সহ শিল্পে চাহিদাসম্পন্ন বিভিন্ন বিষয়ে পর্যায়ক্রমে প্রশিক্ষণ পরিচালনা করা হবে। এসব কোর্সের মাধ্যমে প্রযুক্তি খাতের দক্ষ জনবল তৈরি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে অবদান রাখাই এ উদ্যোগের লক্ষ্য।
//ডিবিটেক/ এসএমই/ এএমআই//





