মাধবপাশায় উদ্বোধনী আয়োজন

গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু

  • দুই দিনব্যাপী দেশব্যাপী পুষ্টি সচেতনতা কর্মসূচি শুরু
  • ২২ হাজার সেবাদানকারী গর্ভবতী মায়েদের পরামর্শ দেবেন
  • ১৬১ উপজেলায় চলবে সচেতনতামূলক কার্যক্রম

গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৯  
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১০  

গর্ভকালীন পুষ্টি ও প্রসবপূর্ব সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী দুই দিনব্যাপী ‘গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন ২০২৬’ শুরু করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)। কর্মসূচির আওতায় প্রায় ২২ হাজার ব্লু-স্টার, গ্রিন-স্টার ও গোল্ড-স্টার সেবাদানকারী, মাঠকর্মী এবং নেটওয়ার্কের বাইরের সেবাদানকারীরা গর্ভবতী মায়েদের পরামর্শ দেওয়ার পাশাপাশি পুষ্টি-সম্পূরক বিতরণ করবেন।

১৩ সেপ্টেম্বর, রবিবার বিকেল ৩টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের শিকদার বাড়ির প্রাঙ্গণে গর্ভবতী মায়েদের নিয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

দুই দিনব্যাপী এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের (এসএমসি ইএল) চেয়ারম্যান ফারুক আহমেদ। অনুষ্ঠানে এসএমসি ও এসএমসি ইএলের পরিচালনা পর্ষদের পরিচালক সিদ্দিকুর রহমান চৌধুরী ও ডা. জহির উদ্দিন আহমেদ, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তছলিম উদ্দিন খান এবং এসএমসি ইএলের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির উপস্থিত ছিলেন। এসএমসির প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিরা মা সমাবেশে আসা গর্ভবতী মায়েদের সঙ্গে কথা বলেন। পরে তাদের মধ্যে এসএমসির ১৫ ধরনের ভিটামিন ও খনিজসমৃদ্ধ বহুমাত্রিক ক্ষুদ্রপুষ্টি-সম্পূরক ‘ফুলকেয়ার’ বিতরণ করা হয়।

কর্মসূচির আওতায় এসএমসির প্রায় ২২ হাজার ব্লু-স্টার, গ্রিন-স্টার ও গোল্ড-স্টার সেবাদানকারী, মাঠপর্যায়ের কর্মী এবং নেটওয়ার্কের বাইরে থাকা সেবাদানকারীরা গর্ভকালীন সেবা, পুষ্টির প্রয়োজনীয়তা এবং নিয়মিত প্রসবপূর্ব সেবা গ্রহণের বিষয়ে গর্ভবতী মায়েদের পরামর্শ দেবেন। একই সঙ্গে ‘ফুলকেয়ার’ বিতরণ করা হবে।

এ ছাড়া ১৬১টি উপজেলায় এসএমসির কমিউনিটি মোবিলাইজেশন কর্মসূচির মাধ্যমে গর্ভকালীন সেবা ও নিয়মিত প্রসবপূর্ব সেবা গ্রহণে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফারুক আহমেদ বলেন, “একটি সুস্থ প্রজন্ম গড়ে ওঠার ভিত্তি তৈরি হয় একজন সুস্থ মায়ের মাধ্যমে। তাই মাতৃস্বাস্থ্য ও শিশু পুষ্টিতে বিনিয়োগ শুধু একজন মায়ের সুস্থতা নিশ্চিত করে না, বরং আগামী দিনের একটি সুস্থ ও সক্ষম প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

সিদ্দিকুর রহমান চৌধুরী বলেন, “আমাদের লক্ষ্য হলো গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব সেবার আওতায় নিয়ে আসা এবং সঠিক পুষ্টি সম্পর্কে সচেতন করা। সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা চাই প্রতিটি গর্ভবতী মা প্রয়োজনীয় পরিচর্যা ও পুষ্টির সুযোগ পান।”

ডা. জহির উদ্দিন আহমেদ বলেন, “মাতৃপুষ্টির ঘাটতি মোকাবেলায় আমাদের সচেতনতা সৃষ্টির পাশাপাশি গর্ভবতী মায়েদের জন্য মানসম্মত পুষ্টি নিশ্চিত করা এবং তা সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলতে হবে।”
//ডিবিটেক/এমএসটিএইচ/এটি/এনএপি//