ডিএমপিতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত
বিতর্কিত অডিও প্রকাশের পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার
- ভাইরাল অডিও ক্লিপের জেরে ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে দায়িত্ব থেকে সরানো হয়েছে
- অডিওতে রাজনৈতিক মন্তব্য ও পুলিশ বাহিনীর সক্ষমতা নিয়ে করা মন্তব্যের তীব্র সমালোচনা
- গুলশানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের ঘটনায় এর আগেই সরানো হয় ডিসি তানভীর ও ওসি দাউদকে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও পুলিশের ভূমিকা নিয়ে ওসি রাকিবুল ইসলামকে মন্তব্য করতে শোনা যায়। অডিওটিতে তাকে বলতে শোনা যায়— শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না এবং রাস্তার পুলিশ দুর্বল হওয়ায় তার চলতি মাসেই দেশে আসা উচিত। এমনকি অডিওতে ‘পুলিশ কিছুই করতে পারবে না’ বলেও তাকে মন্তব্য করতে শোনা যায়। ক্লিপটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
উল্লেখ্য, প্রশাসনিক বিশৃঙ্খলা ও দায়িত্বে অবহেলার বিরুদ্ধে ডিএমপি সম্প্রতি কঠোর অবস্থান নিয়েছে। এর আগে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের ঘটনায় গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ এবং গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
//ডিবিটেক/বিএনও/এসএমই/এমআইএস//





