ক্যাশলেস পেমেন্ট ও ডিজিটাল পরিচয়
স্মার্ট ক্যাম্পাসে ইউএপির ‘ওয়ানকার্ড’ চালু
- ডিজিটাল পরিচয়পত্র, ভেরিফায়েড ক্রেডেনশিয়াল ও ক্যাশলেস পেমেন্ট এক প্ল্যাটফর্মে যুক্ত
- ওয়ানআইডি এবং ডিজিপে অ্যাপের সমন্বয়ে ডিজি ইনফোটেকের ক্লাউড ক্যাম্পাস প্রযুক্তি
- লাইব্রেরি, উপস্থিতি ও ক্যান্টিন সেবায় কিউআর কোডভিত্তিক স্বয়ংক্রিয় লেনদেন চালু
শিক্ষাঙ্গনে আধুনিক ক্যাশলেস অবকাঠামো, সমন্বিত ডিজিটাল পরিচয় ও ক্লাউড ক্রেডেনশিয়াল ব্যবস্থা নিশ্চিত করতে ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)।
১৪ সেপ্টেম্বর, সোমবার রাজধানীর গ্রিন রোডে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সমন্বিত এই ডিজিটাল সল্যুশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইউএপির ৩০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজি ইনফোটেক লিমিটেডের কারিগরি সহযোগিতায় এ স্মার্ট সেবা চালু করা হয়েছে।
প্রযুক্তিগত ফ্রেমওয়ার্ক অনুযায়ী, ওয়ানকার্ডে একটি হাইব্রিড ফিজিক্যাল স্মার্ট কার্ডের পাশাপাশি রয়েছে ওয়ানআইডি অ্যাপ (OneID App), ডিজিপে অ্যাপ (DGePay App), ডিজিপে মার্চেন্ট অ্যাপ এবং ওয়ানকার্ড ভল্ট (OneCard Vault)। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের বায়োমেট্রিক পরিচয়, ফিনটেক পেমেন্ট ও প্রাতিষ্ঠানিক নথি ব্যবস্থাপনা ক্লাউড প্ল্যাটফর্মে সমন্বিত করা হয়েছে।
ওয়ানআইডি অ্যাপের সাহায্যে ভার্চুয়াল পরিচিতি ও ডিজিটাল ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনা করা যাবে। ডিজিপে অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক অ্যাকাউন্ট রিচার্জ ও কিউআর কোড স্ক্যান করে ক্যাশলেস ফি প্রদান করতে পারবেন শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট মার্চেন্ট ও ক্যান্টিনগুলো ডিজিপে মার্চেন্ট অ্যাপের মাধ্যমে ডিজিটাল লেনদেন গ্রহণ করবে। এ ছাড়া ওয়ানকার্ড ভল্টে শিক্ষার্থীদের সনদ, পরিচয়পত্র, এনরোলমেন্ট লেটার ও ট্রান্সক্রিপ্টের মতো গুরুত্বপূর্ণ নথিপত্র ক্রিপ্টোগ্রাফিক সুরক্ষায় সংরক্ষিত থাকবে। প্রাথমিক পর্যায়ে কার্ডটির আওতায় ডিজিটাল উপস্থিতি, লাইব্রেরি অটোমেশন, ক্যাফেটেরিয়া বিলিং ও আইডেন্টিটি সেবা চালু হলেও পরবর্তীতে এতে অন্যান্য ক্যাম্পাস ইউটিলিটি যুক্ত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ। তিনি ইউএপি ওয়ানকার্ডকে উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অধিকতর দক্ষ ও শিক্ষার্থীবান্ধব করতে নিরাপদ ও প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ অত্যন্ত জরুরি।"
বিশেষ অতিথির বক্তব্যে ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মোজিবুল হক জানান, এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত অগ্রযাত্রাকে এক ধাপ এগিয়ে নিয়ে আধুনিক সংযুক্ত পরিবেশ তৈরিতে সহায়তা করবে।
সভাপতির বক্তব্যে ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, "ওয়ানকার্ড আধুনিক সেবা ব্যবস্থাপনার ধারণা, যেখানে পরিচয় ও পেমেন্টকে একই আর্কিটেকচারে এনে ক্যাম্পাসের দৈনন্দিন কাজ দ্রুততর করা হয়েছে।" অনুষ্ঠানে ডিজি ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ মাহমুদ সিস্টেমের প্রযুক্তিগত স্থাপত্য এবং নিরাপত্তা সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন। সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এসএইচপি/এসই/ইআইসি//





