অটোমেশনে ৭২ শতাংশ গতি বৃদ্ধি
ডিইপিজেডে অ্যাভেরি ডেনিসনের স্মার্ট ওয়্যারহাউজ
- ৮৩০ বর্গমিটারে ২৫ হাজার কার্টন সংরক্ষণ
- পণ্য প্রক্রিয়াজাতকরণের গতি বেড়েছে ৭২ শতাংশ
- RFID ও ডিজিটাল প্রযুক্তিতে সরবরাহ ব্যবস্থাপনা
সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) স্বয়ংক্রিয় প্রযুক্তিনির্ভর স্মার্ট ওয়্যারহাউজ চালু করেছে বৈশ্বিক ম্যাটেরিয়ালস সায়েন্স ও ডিজিটাল পরিচয় শনাক্তকরণ প্রতিষ্ঠান অ্যাভেরি ডেনিসন। ৮৩০ বর্গমিটার আয়তনের এই ওয়্যারহাউজে একসঙ্গে প্রায় ২৫ হাজার কার্টন সংরক্ষণ করা যাবে। পণ্য গ্রহণ, সংরক্ষণ, অর্ডার অনুযায়ী ব্যাগিং এবং সরবরাহ—পুরো প্রক্রিয়াটি ডিজিটাল ব্যবস্থায় পরিচালিত হবে।
প্রযুক্তি ব্যবহারের ফলে পণ্য প্রক্রিয়াজাতকরণের গতি ৭২ শতাংশ বেড়েছে। আগের ব্যবস্থার তুলনায় পাঁচ গুণ বেশি পণ্য গ্রহণ, দ্বিগুণ দ্রুত পণ্য পাঠানো এবং ৫০ শতাংশ বেশি পণ্য সংরক্ষণ করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্মার্ট ওয়্যারহাউজটি অ্যাভেরি ডেনিসনের বৈশ্বিক ‘ম্যানুফ্যাকচারিং ৪.০’ উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ।
নতুন এই অবকাঠামোর মূল লক্ষ্য পোশাক ও জুতা উৎপাদনকারীদের জন্য পণ্য ব্যবস্থাপনা ও সরবরাহ প্রক্রিয়াকে আরও দ্রুত, নির্ভরযোগ্য এবং তথ্যনির্ভর করা। স্মার্ট ওয়্যারহাউজে মজুতের তথ্য দ্রুত পাওয়া, প্যাকিং ও সংরক্ষণ সমন্বয় এবং অর্ডার অনুযায়ী পণ্য পাঠানোর প্রক্রিয়া ডিজিটালভাবে পরিচালনা করা যাবে।
অ্যাভেরি ডেনিসনের কর্মকর্তারা জানান, গ্রাহকদের দ্রুত সরবরাহ, প্রয়োজন অনুযায়ী পণ্য এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতার চাহিদা বাড়ছে। স্মার্ট ওয়্যারহাউজের মাধ্যমে মজুত ব্যবস্থাপনা থেকে প্যাকিং, সংরক্ষণ ও পণ্য পাঠানো পর্যন্ত বিভিন্ন ধাপ আরও সমন্বিত করা সম্ভব হবে। এতে দ্রুত ও প্রয়োজনভিত্তিক সেবা দেওয়ার সক্ষমতা বাড়বে।
প্রতিষ্ঠানটির পোশাক খাতের প্রযুক্তি সমাধানের মধ্যে অ্যাম্বেলেক্স, অপটিকা, আরএফআইডি এবং অন্যান্য ডিজিটাল পরিচয় শনাক্তকরণ প্রযুক্তি রয়েছে। এসব প্রযুক্তি মজুত ব্যবস্থাপনা, পণ্যের অবস্থান শনাক্তকরণ এবং উৎপাদন থেকে বিতরণ ও খুচরা বিক্রয় পর্যন্ত পণ্যের গতিপ্রবাহ অনুসরণে সহায়তা করবে।
স্মার্ট ওয়্যারহাউজটি পোশাক ও জুতা কারখানাগুলোকে দ্রুত সেবা দেওয়ার পাশাপাশি পণ্য সংগ্রহে বিলম্ব এবং সরবরাহ ব্যবস্থাপনার ত্রুটি কমাতেও ভূমিকা রাখবে বলে জানিয়েছে অ্যাভেরি ডেনিসন।
এর আগে সোমবার, ১৪ সেপ্টেম্বর স্মার্ট ওয়্যারহাউজটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল এবং অ্যাভেরি ডেনিসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, এ বিনিয়োগ মার্কিন ব্যবসা, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করবে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, ২০০৩ সাল থেকে অ্যাভেরি ডেনিসন বেপজার সঙ্গে কাজ করছে। বিনিয়োগের পাশাপাশি আধুনিক প্রযুক্তি, জ্ঞান ও উৎপাদন পদ্ধতি বাংলাদেশে আসায় শিল্পের সক্ষমতা ও স্থানীয় কর্মীদের দক্ষতা বাড়ছে। এ ধরনের বিনিয়োগ বাংলাদেশের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং অ্যামচ্যামের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের মালিকানাধীন প্যাক্সার বাংলাদেশ ২০০৩ সাল থেকে ঢাকা ইপিজেডে কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি প্রায় ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং প্রায় দেড় হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে।
//ডিবিটেক/পিএও/জেএনও/এসএমই//





