উদ্বোধনী ম্যাচে শহীদ আবু সাঈদ হলকে হারিয়ে মুক্তিযোদ্ধা হলের জয়

চুয়েটে আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু

  • চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে ৬টি হলের অংশগ্রহণে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা ২০২৬ শুরু
  • টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে ৪-১ গোলে জয় পেয়েছে মুক্তিযোদ্ধা হল
  • প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

চুয়েটে আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু
৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৯  

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কেন্দ্রীয় খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০২৬’। ৯ সেপ্টেম্বর, ২০২৬ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালনায় এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়েটের উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা হল এবং শহীদ আবু সাঈদ হল। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মুক্তিযোদ্ধা হল ৪-১ ব্যবধানে শহীদ আবু সাঈদ হলকে পরাজিত করে শুভসূচনা করে।

উল্লেখ্য, এবারের আন্তঃহল টুর্নামেন্টে মোট ৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। অংশগ্রহণকারী দলগুলো হলো—কবি কাজী নজরুল ইসলাম হল, শহীদ মোহাম্মদ শাহ হল, শহীদ তারেক হুদা হল, ড. কুদরত-ই-খুদা হল, শহীদ আবু সাঈদ হল এবং মুক্তিযোদ্ধা হল।

//ডিবিটেক/এআইএম/এসএমই/এফিইটি//