এইচএসসির ফলের ওপর নির্ভর করছে চূড়ান্ত দিনক্ষণ

মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

  • ০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত
  • এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পর চূড়ান্ত করা হবে পরীক্ষার তারিখ ও ভর্তি বিজ্ঞপ্তি
  • এবারও একই দিনে অনুষ্ঠিত হবে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৯  

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের ওপর ভিত্তি করে চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হলেও অক্টোবরের মাঝামাঝি বা শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশ হলে এই তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হবে। ফল প্রকাশের পর আবেদন প্রক্রিয়া, পুনর্নিরীক্ষণসহ আনুষঙ্গিক কাজে সময় লাগবে। ফল প্রকাশে দেরি হলে মেডিকেল ভর্তি পরীক্ষাও পিছাতে বাধ্য হব।”

অধ্যাপক নাজমুল হোসেন আরও জানান, গত বছরের মতো এবারও একই দিনে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আগামী দেড় থেকে দুই সপ্তাহের মধ্যে প্রশ্নপত্র প্রণয়ন ও নম্বর বণ্টনসহ আনুষঙ্গিক বিষয়গুলো চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, পূর্ববর্তী ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল এবং পরীক্ষার দুই দিন পর ১৪ ডিসেম্বর ফল প্রকাশ করা হয়।

 //ডিবিটেক/জেএনও/এসএমই/এমআইসে//