ভূমি সেবায় স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা নিশ্চিতে উদ্যোগ
মাঠ পর্যায়ে ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ
- সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে অবিলম্বে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ
- দেশের সকল জেলা প্রশাসককে (ডিসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠির মাধ্যমে অনুরোধ
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতের মাধ্যমে সেবা ত্বরান্বিত করার লক্ষ্য
মাঠ পর্যায়ে ভূমি সেবায় স্বচ্ছতা, সময়ানুবর্তিতা ও জবাবদিহিতা বাড়াতে দেশের সকল উপজেলা এবং ইউনিয়ন ভূমি অফিসে অবিলম্বে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সাথে ডিভাইসগুলোর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে দেশের সকল জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে ১৪ সেপ্টেম্বর, সোমবার এই নির্দেশনাসংবলিত চিঠিটি জারি করা হয়। চিঠিতে জানানো হয়, সরকার ই-গভর্ন্যান্স প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়া সময়মতো ভূমি সেবা পান, সে জন্য মাঠ পর্যায়ের কর্মীদের কর্মস্থলে সময়মতো উপস্থিতি অত্যন্ত জরুরি।
চিঠিতে জেলা প্রশাসকদের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, উপজেলার পাশাপাশি ইউনিয়ন ভূমি অফিসগুলোতেও যেন দ্রুত সময়ের মধ্যে এই প্রযুক্তি স্থাপন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিদিন নিয়মিত ডিভাইসটি ব্যবহার করছেন কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করার জন্য ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।
//ডিবিটেক/জেএনও/এসএমই//





