স্বরাষ্ট্রমন্ত্রীর ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থার কথা ঘোষণা

অটোরিকশা বন্ধ না করে ডিজিটাল নিবন্ধনের সিদ্ধান্ত

  • অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং যুক্ত করার ঘোষণা প্রদান
  • সাড়ে চার হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি বন্ধে কিউআর উদ্যোগ
  • চালকদের কর্মসংস্থান অক্ষুণ্ন রেখে পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারের কড়া শর্ত

অটোরিকশা বন্ধ না করে ডিজিটাল নিবন্ধনের সিদ্ধান্ত
৭ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৫  

ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে ডিজিটাল নিবন্ধন ও শৃঙ্খলিত ব্যবস্থার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৭ সেপ্টেম্বর, সোমবার সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি-বিধির ৭১ বিধিতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর দেওয়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে ডিজিটাল নিবন্ধন ও শৃঙ্খলিত ব্যবস্থার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য প্রতিটি অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালুর পাশাপাশি পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারে কঠোর শর্ত আরোপ করা হবে। চালকদের কর্মসংস্থান অক্ষুণ্ন রেখেই নতুন নীতিমালা ও বিধিবিধান বাস্তবায়ন করা হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে আনুমানিক ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক থ্রি-হুইলার চলাচল করছে, যা মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ ব্যবহার করছে। বিপরীতে বৈধ চার্জিং পয়েন্ট রয়েছে মাত্র ৩,৩০০টি। শুধু ঢাকায় ৪৮,০০০ অনানুষ্ঠানিক চার্জিং পয়েন্ট রয়েছে, যার কারণে বছরে প্রায় ৪,০০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে। লেড-এসিড ব্যাটারির অনিরাপদ ব্যবহার ও অনিয়ন্ত্রিত বিস্তার বিদ্যুৎ বিতরণ, যানজট ও পরিবেশ দূষণে বিরূপ প্রভাব ফেলছে।

সংসদ সদস্য রেহানা আক্তার রানু জানান, নম্বর প্লেট না থাকায় ঢাকার ১৭টি সিগন্যালে ৫০টি এআই-নির্ভর ট্রাফিক ক্যামেরা থাকা সত্ত্বেও অটোরিকশার বিরুদ্ধে স্বয়ংক্রিয় জরিমানা করা সম্ভব হচ্ছে না। তিনি চালকদের লাইসেন্স প্রদান ও মূল সড়কের পরিবর্তে অভ্যন্তরীণ সড়কে অটোরিকশা চালানোর প্রস্তাব দেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নতুন নীতিমালায় ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে প্রতিটি অটোরিকশাকে কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থার আওতায় আনা হবে। একই নম্বরের অধীনে একাধিক অবৈধ অটোরিকশা চালানোর সুযোগ বন্ধ করা হবে। পাশাপাশি প্রধান সড়কে অটোরিকশা নিয়ন্ত্রণ ও অবৈধ চার্জিংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
//ডিবিটেক/কেকেও/এসএমই/এমওপি//