বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে উৎসবমুখর উদ্বোধন; খেলাধুলায় শৃঙ্খলা ও সম্প্রীতির তাগিদ
যবিপ্রবিতে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু
- যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন
- শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সারা বছরজুড়ে ক্রীড়া চর্চা অব্যাহত রাখার প্রত্যয়
- জয়ের চেয়ে ক্রীড়াসুলভ মানসিকতা, সৌহার্দ্য ও শৃঙ্খলাবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ
অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬। ১৬ সেপ্টেম্বর, ২০২৬ বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চার বিকল্প নেই। জয়-পরাজয় মুখ্য বিষয় নয়; খেলার মাঠ থেকে সবচেয়ে বড় অর্জন হলো শৃঙ্খলাবোধ ও ক্রীড়াসুলভ মানসিকতা তৈরি করা। মাঠে শতভাগ প্রতিযোগিতা থাকলেও মাঠের বাইরে সবাইকে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে।"
তিনি আরও উল্লেখ করেন, অবকাঠামোগত কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণই এ আয়োজনের মূল শক্তি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বছরজুড়ে এমন আয়োজন অব্যাহত রাখতে সচেষ্ট থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দীন, ব্যাডমিন্টন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক ড. মো. মজনুজ্জামান, টেবিল টেনিস পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক ড. শৈবাল চন্দ এবং শরীর চর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ-হেল-কাফি।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. আব্দুর রউফ সরকার, সহকারী পরিচালক উজ্জল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. জাহাঙ্গীর আলম ও মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।
//ডিবিটেক/ এনএইচজেএনইউ/ এসএমই/ এমআইএসটি/





