তৃতীয় ব্যাচের সনদ বিতরণ ও কৃতি খেলোয়াড়দের সম্মাননা
যবিপ্রবিতে মার্শাল আর্ট কোর্সের সমাপনী ও নবীন বরণ অনুষ্ঠিত
- যবিপ্রবি স্পোর্টস ক্লাবের ৩ মাসব্যাপী আত্মরক্ষামূলক মার্শাল আর্ট কোর্সের সমাপনী ও ৪র্থ ব্যাচের বরণ সম্পন্ন
- জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে রৌপ্যজয়ী বিশ্ববিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান
- খালি হাতে আত্মরক্ষা, লাঠি-তলোয়ার খেলা এবং শিশুদের তাই-চি কৌশলের মনোমুগ্ধকর প্রদর্শনী
যশোর: শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক দৃঢ়তা তৈরি ও আত্মরক্ষার কৌশল শেখাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) 'জাস্ট স্পোর্টস ক্লাব'-এর তিন মাসব্যাপী আত্মরক্ষামূলক মার্শাল আর্ট কোর্সের তৃতীয় ব্যাচের সমাপনী, চতুর্থ ব্যাচের নবীন বরণ ও বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ আয়োজন সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি সঞ্চালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
আয়োজনের শুরুতে তৃতীয় ব্যাচের সফল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং চতুর্থ ব্যাচের প্রশিক্ষণার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি নিয়মিত ব্যাচের শিশু প্রশিক্ষণার্থীদের বিভিন্ন গ্রেডের বেল্ট ও ব্ল্যাকবেল্ট প্রদান করা হয়। এ সময় সম্প্রতি জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ‘সিলেট উশু চ্যাম্পিয়নশিপ’-এ রৌপ্যপদক অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী—পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের মো. সাইদুল ইসলাম ও মার্কেটিং বিভাগের ফায়েক মুনতাছিরকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, "মার্শাল আর্ট কেবল পেশিশক্তি বৃদ্ধি করে না, এটি মানুষের মানসিক সংকল্প, আত্মবিশ্বাস ও আত্মরক্ষার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। তবে এই শৃঙ্খলা ও আত্মবিশ্বাস স্বল্প সময়ে অর্জিত হয় না; এর জন্য প্রয়োজন দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও ধারাবাহিক অনুশীলন।"
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান এবং জাস্ট স্পোর্টস ক্লাবের সভাপতি ইসমাইল হোসাইন। আলোচনা শেষে প্রশিক্ষণার্থীরা খালি হাতে আত্মরক্ষার কৌশল, লাঠি ও তলোয়ারের ভারসাম্যপূর্ণ ব্যবহার, শিশুদের তাই-চি এবং কিকের মাধ্যমে লক্ষ্যবস্তু ভাঙার শ্বাসরুদ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করেন। তিন মাসব্যাপী এ কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক অলিম্পিক সলিডারিটির 'এ' গ্রেড সনদপ্রাপ্ত কোচ ইসমাইল হোসাইন।
//ডিবিটেক/ এনএইচপি/ এসএমই/ এফওইএইচ//





