সরকারি ক্রয়ে ডিজিটাল স্বচ্ছতা

ই-জিপি ব্যবহারে বিসিআইয়ের প্রশিক্ষণ

  • ই-জিপির কারিগরি ব্যবহার শেখানো হলো
  • সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতায় গুরুত্ব
  • অংশ নেন ব্যবসায়ী, আইনজীবী ও শিক্ষার্থীরা

ই-জিপি ব্যবহারে বিসিআইয়ের প্রশিক্ষণ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১৭  

সরকারি ক্রয়প্রক্রিয়ায় ডিজিটাল রূপান্তর, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি অনলাইনে দরপত্রে অংশগ্রহণ সহজ করতে ই-জিপি (e-GP) ব্যবস্থার কার্যকর ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। কর্মশালায় ব্যবসায়ী, উদ্যোক্তা, আইনজীবী ও শিক্ষার্থীদের ই-জিপির কারিগরি কার্যক্রম এবং অনলাইনে সরকারি দরপত্রে অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

১২ সেপ্টেম্বর, শনিবার রাজধানীতে বিসিআইয়ের বোর্ডরুমে ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা এবং ই-জিপি (e-GP) সিস্টেম’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে বিসিআইয়ের সদস্য, সরকারি ক্রয় কাজে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনজীবী, উদ্যোক্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি প্রীতি চক্রবর্তী। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিসিআইয়ের সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন, এনডিসি।

উদ্বোধনী বক্তব্যে প্রীতি চক্রবর্তী বলেন, বিসিআই সব সময় ব্যবসায়ী সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ই-জিপি ব্যবস্থার কারিগরি দিক সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনে এ প্রশিক্ষণ সহায়ক হবে। এর ফলে ব্যবসায়ীরা প্রতিযোগিতামূলক বাজারে আরও কার্যকরভাবে অংশ নিতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।

প্রশিক্ষণের দুটি অধিবেশনে রিসোর্স পারসন হিসেবে আলোচনা করেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) সাবেক সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মঈন উদ্দীন আহম্মেদ।

প্রশিক্ষণে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়। পাশাপাশি সরকারি ক্রয়প্রক্রিয়ায় ডিজিটাল রূপান্তর এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ই-জিপি ব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এস এম মঈন উদ্দীন আহম্মেদ অংশগ্রহণকারীদের ই-জিপি ব্যবস্থার কার্যক্রম, এর সুবিধা এবং অনলাইনে কীভাবে দরপত্র প্রক্রিয়ায় অংশ নেওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত ধারণা দেন। ই-জিপির মাধ্যমে সরকারি ক্রয়প্রক্রিয়া কীভাবে আরও দ্রুত, সহজ ও কার্যকর করা যায়, সে বিষয়েও অংশগ্রহণমূলক আলোচনা হয়।

কর্মশালার শেষ পর্বে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণটিকে ফলপ্রসূ বলে মত দেন।

সমাপনী অনুষ্ঠানে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করেন। তিনি বিসিআইয়ের ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে রিসোর্স পারসন ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
//ডিবিটেক/বিএনও/এসএমই/এফওইবি//