ইউপিআর-৪ সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় জাতীয় অ্যাডভোকেসি সেমিনার

জলবায়ুজনিত মানবাধিকার রক্ষায় তথ্যভিত্তিক উদ্যোগের আহ্বান

  • জলবায়ু ঝুঁকিতে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষায় তথ্য-প্রমাণভিত্তিক রোডম্যাপ প্রণয়নের দাবি
  • ২০২৪–২০২৭ মেয়াদে বাস্তবায়নাধীন ১২টি ইউপিআর সুপারিশের অগ্রগতি ও প্রাতিষ্ঠানিক সমন্বয় পর্যালোচনা
  • মানবাধিকার পর্যবেক্ষণ, ডেটা সংগ্রহ ও নীতিগত পদক্ষেপ জোরদারে নাগরিক প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ

জলবায়ুজনিত মানবাধিকার রক্ষায় তথ্যভিত্তিক উদ্যোগের আহ্বান
২৯ আগষ্ট, ২০২৬ ১৫:১৩  

জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি ক্রমেই বাড়ছে, যার মূল শিকার হচ্ছে ঝুঁকিপূর্ণ উপকূলীয় ও সম্মুখসারির প্রান্তিক জনগোষ্ঠী। এ পরিস্থিতি মোকাবিলায় মানবাধিকার সুরক্ষায় সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, তথ্য-উপাত্তভিত্তিক নজরদারি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ২৯ আগস্ট,  শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইন-এ ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত মানবাধিকার লঙ্ঘন থেকে সুরক্ষায় ইউপিআর-৪ সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক জাতীয় অ্যাডভোকেসি সেমিনারে এ আহ্বান জানানো হয়।

সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি), অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার (এসিএফ) এবং ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্স-বাংলাদেশ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে সিপিআরডির প্রধান নির্বাহী ও ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্স-বাংলাদেশের জাতীয় সমন্বয়ক মো. শামসুদ্দোহা জানান, ২০২৩ সালে চতুর্থ ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) চক্রে ১৫টি নাগরিক সংগঠনের জোট জলবায়ুজনিত মানবাধিকার লঙ্ঘনের তথ্য-প্রমাণসহ কৌশলগত সুপারিশ জমা দেয়। পরবর্তীতে ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে বাস্তবায়নের জন্য সরকার ১২টি সুপারিশ গ্রহণ করে। এসব সুপারিশের কার্যকর বাস্তবায়ন ও বিদ্যমান নীতিগত ঘাটতি দূরীকরণে কার্যকর নজরদারি প্রয়োজন।

সেমিনারে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নূরুন নাহার বলেন, "আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তনের ফলে মানবাধিকার লঙ্ঘনের সংকট মোকাবিলায় এখনো শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠেনি, যা বাংলাদেশের জন্য বড় উদ্বেগের বিষয়।" অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে তৃতীয় ও চতুর্থ ইউপিআর চক্রের অগ্রগতি ও তথ্য-উপাত্ত তুলে ধরেন সিপিআরডির প্রোগ্রাম ম্যানেজার শেখ নূর আতায়া রাব্বি।

বিশেষ অতিথির বক্তব্যে পিকেএসএফের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয়, ডেটা সংগ্রহ ও দীর্ঘমেয়াদি নীতিগত অ্যাডভোকেসির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম এবং পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক। সেমিনারে জলবায়ুজনিত ক্ষতি পর্যবেক্ষণ ও তথ্যভিত্তিক নীতি নির্ধারণের লক্ষ্যে নাগরিক সমাজের একটি সমন্বিত প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
//ডিবিটেক/এসএফএস/এমআইএস//