খাদ্য নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতায় যৌথ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ

২০২৭ সালের কৃষি প্রযুক্তি ও রূপান্তরে সার্কের সমন্বয় সভা

  • ২০২৭ সালের যৌথ কৌশল ও কৃষি প্রযুক্তি বিনিময় নির্ধারণে অংশীদারদের সাথে সমন্বয় সভা
  • দক্ষিণ এশিয়ার খাদ্যব্যবস্থায় উদ্ভাবন, টেকসই কৃষিবাস্তুশাস্ত্র ও প্রযুক্তিগত সক্ষমতা জোরদারের তাগিদ
  • জাতীয় ও আন্তর্জাতিক সরকারি-বেসরকারি শীর্ষ উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের অংশগ্রহণ

২০২৭ সালের কৃষি প্রযুক্তি ও রূপান্তরে সার্কের সমন্বয় সভা
২৯ আগষ্ট, ২০২৬ ১৪:০৩  

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খাদ্যব্যবস্থার আধুনিকায়ন এবং ২০২৭ সালের সম্ভাব্য যৌথ প্রযুক্তিগত কর্মসূচি ও সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে সমন্বয় সভা করেছে সার্ক কৃষি কেন্দ্র (এসএসি)। ২৯ আগস্ট, শনিবার ঢাকায় সার্ক কৃষি কেন্দ্রের কার্যালয়ে ‘২০২৭ সালের কর্মসূচি নিয়ে অংশীদার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় সভা’ শীর্ষক এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ। তিনি বলেন, "দক্ষিণ এশিয়ার কৃষি ও খাদ্যব্যবস্থার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি, বেসরকারি ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, আধুনিক কৃষিপ্রযুক্তি ও উদ্ভাবনের প্রসার এবং যৌথ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর টেকসই রূপান্তর নিশ্চিত করা সম্ভব।"

বৈঠকে টেকসই কৃষি, কৃষিবাস্তুশাস্ত্রভিত্তিক (এগ্রোইকোলজিক্যাল) পদ্ধতি, আধুনিক খাদ্য ও পুষ্টি নিরাপত্তা ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল প্রযুক্তি, প্রাণিসম্পদ ও মৎস্যসম্পদের ডিজিটাল মনিটরিং, সাপ্লাই চেইন বা মূল্যশৃঙ্খল আধুনিকায়ন এবং কারিগরি জ্ঞান বিনিময় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), হেইফার ইন্টারন্যাশনাল, হারভেস্টপ্লাস, সাসটেইনেবল অ্যাগ্রিকালচার ফাউন্ডেশন, এসিআই, স্পেকট্রা হেক্সা ফিডস লিমিটেড, ওয়েভ ফাউন্ডেশন, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), টিএমএসএস, ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া, ফিশটেক হ্যাচারি, রুট এগ্রোভেট, সুশীলন, আরএসবি প্রপার্টিজ, শিশুক, ওয়েলথাঙ্গারহিলফে ও নিরিবিলি গ্রুপসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান এবং ঊর্ধ্বতন প্রযুক্তি ও উন্নয়ন প্রতিনিধিরা উপস্থিত থেকে ২০২৭ সালের কর্মপরিকল্পনায় সক্রিয়ভাবে অংশ নেন।
//ডিবিটেক/এবিএম/এসএমই//