স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী

ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১৭:১২  
উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো, নদী ও জলাধার সংরক্ষণ এবং আধুনিক পানিশোধন প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 আজ বিশ্ব পানি দিবস-২০২৬ উপলক্ষ্যে ২৮ এপ্রিল, মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেছেন, ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে। ।
স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে আরো উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবদুল আউয়াল, ইউনিসেফের প্রতিনিধি Stanley Gwavuya, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি Dr. Ahmed Jamsheed Mohamed।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশে নিরাপদ পানির প্রাপ্যতা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে আরো জটিল হয়ে উঠছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, রাজধানী ঢাকায় ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা শহরের পানি ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে তিনি ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো, নদী ও জলাধার সংরক্ষণ এবং আধুনিক পানিশোধন প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন।
মন্ত্রী আরো বলেন, নিরাপদ পানি প্রাপ্তির ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বিদ্যমান রয়েছে। শহরের নিম্নবিত্ত ও বস্তিবাসীরা তুলনামূলকভাবে বেশি সমস্যার সম্মুখীন হন, যা একটি মানবিক ও উন্নয়নগত চ্যালেঞ্জ। তিনি এই বৈষম্য দূরীকরণে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে সচিব বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে। তিনি এ ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং টেকসই পানি ব্যবস্থাপনার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা পানি দূষণ রোধ, নিরাপদ পানি ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সমাধান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পানি ব্যবস্থাপনায় সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জন সম্ভব নয়।

একই দিন দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)–এর রাষ্ট্রদূত মাইকেল মিলার। মন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষের মধ্যে সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইইউর পারস্পরিক অংশীদারিত্ব আরও বিস্তৃত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে দেশের পানি ব্যবস্থাপনা খাতে ইইউর অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, এ খাতে যৌথ অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি চালু হলে তা বাংলাদেশের জন্য অত্যন্ত উপকারী হবে।
অন্যদিকে রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশকে ইইউর একটি নির্ভরযোগ্য ও পরীক্ষিত উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, বর্তমান সময়ে দুই পক্ষের বিদ্যমান সহযোগিতাকে আরও গভীর ও সম্প্রসারিত করার ব্যাপারে ইইউ আগ্রহী।
বৈঠকে শাসনব্যবস্থার বিকেন্দ্রীকরণ, ই-গভর্নেন্স উন্নয়ন, অবকাঠামো খাতের অগ্রগতি এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে, যৌথ উদ্যোগ ও অংশীদারিত্বের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও ইইউর উন্নয়ন সহযোগিতা আরও গতিশীল হবে।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ ণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনধানগণ উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এইচএমসি/ইকে