প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে প্রথম জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
দেশে প্রথমবারের মত প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও)। প্রায় দুইশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় ২২ আগস্ট, শুক্রবার।
ব্রাদার লিও জেমস পেরেরা সকল অংশগ্রহণকারীকে শুভকামনা জানিয়ে বলেন, “ তোমাদের স্বপ্নপূরণের পথে এই অভিজ্ঞতা হবে অমূল্য। নিষ্ঠা আর পরিশ্রমের মাধ্যমে তোমরা নিজেদের পাশাপাশি দেশকেও গর্বিত করবে।”
ফলাফল প্রকাশের মাধ্যমে আয়োজনের ইতিটানা হয়। উপস্থিত অতিথিবৃন্দ ফলাফল ঘোষণা করেন এবং পুরষ্কার বিতরণ করেন। জাতীয় পর্বে মোট বিজয়ী হয় ৫২ জন। গণিত বিষয়ে বিজয়ী হয় ২৬ জন, তন্মধ্যে স্বর্ণ ৪ টি, রৌপ্য ৯টি ও ব্রোঞ্জ ১৩ টি । অপরদিকে বিজ্ঞান বিষয়ে বিজয়ী হয় ২৬ জন, তন্মধ্যে স্বর্ণ ৫টি, রৌপ্য ৯টি ও ব্রোঞ্জ ১২টি। সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোঃ নাবি হোসেন গণিত বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে চ্যাম্পিয়নস ট্রফি অর্জন করে। অন্যদিকে বিজ্ঞান বিষয়ে চ্যাম্পিয়নস ট্রফি অর্জন করে লাইটহাউজ ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সৈয়দ আয়ান ঈসা।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এর যৌথভাবে এ অলিম্পিয়াড আয়োজন করে। অলিম্পিয়াডের সহযোগী হিসেবে রয়েছে ম্যাসলাব, টেমস একাডেমি ও রিফ্লেক্টিভ টিন । এই অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তী সময়ে ক্যাম্প ও নির্বাচনী পরীক্ষার মাধ্যমে আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড(আইএমএসও) বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।







