আইপিএন প্রযুক্তির ব্যবহারে গ্রাহকদের কেনাকাটায় দ্রুত ও তথ্যসুরক্ষিত পেমেন্ট সেবা

আড়ংয়ে বিকাশ ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর চালু

  • কাউন্টারে দীর্ঘ লাইন এড়াতে আড়ংয়ে যুক্ত হলো ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম
  • ইনস্ট্যান্ট পেমেন্ট নোটিফিকেশন (আইপিএন) প্রযুক্তির সাহায্যে কমবে পেমেন্টের সময়
  • বাংলা কিউআর এবং ইউনিক আইডেন্টিফিকেশনের মাধ্যমে নিশ্চিত হবে গ্রাহকের তথ্যের সুরক্ষা

আড়ংয়ে বিকাশ ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর চালু
২৭ আগষ্ট, ২০২৬ ১০:০৮  

আধুনিক প্রযুক্তি, ইলেকট্রনিক প্রকৌশল ও অনলাইন ফাইনান্সিয়াল সিস্টেমের মেলবন্ধনে কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ ও গতিশীল করতে শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং-এর আউটলেটগুলোতে চালু হলো ‘ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম’। আরও কম সময়ে ও স্বাচ্ছন্দ্যে বিকাশ পেমেন্ট সম্পন্ন করতে এই সুবিধা যুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে বহু কাউন্টার সমৃদ্ধ আড়ং আউটলেটগুলোতে গ্রাহকরা লাইনে অপেক্ষা না করে ইনস্ট্যান্ট পেমেন্ট নোটিফিকেশন (আইপিএন) প্রযুক্তির সমন্বয়ে দ্রুত পেমেন্ট করার সুযোগ পাবেন।

আগের তুলনায় এখন আড়ং আউটলেটের প্রতিটি সেলস পয়েন্টে বাংলা কিউআর-এর মাধ্যমে বিকাশ পেমেন্ট হবে আরও দ্রুত ও দক্ষ। সম্প্রতি তেজগাঁও-গুলশান লিংক রোড আড়ং-এর আউটলেটে এই নতুন ডিজিটাল সেবা উদ্বোধন করা হয়।

২৭ আগস্ট, বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়ং-এর চিফ বিজনেস অফিসার তানভীর হোসেন, হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস নীল রতন কর্মকার ও হেড অব রিটেইল অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স লিয়াকত হোসেন। বিকাশ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, ইভিপি ও হেড অব মার্চেন্ট পেমেন্টস ডিপার্টমেন্ট ফয়সাল শহীদ, মার্চেন্ট পেমেন্টস বিভাগের ভাইস প্রেসিডেন্ট এস এম খালেদ বিন হালিম এবং জেনারেল ম্যানেজার সিরাজুল মাওলা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আড়ং ও বিকাশের এই অটোমেটেড সেবায় কাউন্টারে দীর্ঘ লাইন এড়িয়ে স্বল্পতম সময়ের মধ্যে পেমেন্ট করা সম্ভব হচ্ছে। ইউনিক আইডেনটিফিকেশন প্রযুক্তি ব্যবহার করার ফলে গ্রাহকের ডেটা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। এর মাধ্যমে প্রতিটি সেলস পয়েন্টে থাকা কর্মী ডিজিটাল বিলিং প্রসেস দ্রুত সম্পন্ন করতে পারছেন।
//ডিবিটেক/ বিএসআর/ ইএমএস/এমআইএসটি//