কার্ড ছাড়াই কিস্তি সুবিধা দিচ্ছে টপ পে
চীনের পরিচিত আর্থিক সেবা প্রতিষ্ঠান টপ পে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। ২৭ সেপ্টেম্বর, শনিবার গুলশান-১ এ টপপের অফিসে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শুরুতেই বাংলাদেশের গ্রাহকদের জন্য কার্ড ছাড়াই অ্যাপ থেকে সহজ, ঝামেলাহীন ও সুবিধাজনক কিস্তিতে মোবাইল কেনার সুযোগ করে দেয়ার ঘোষণা দেয়া হয় অনুষ্ঠানে।
উদ্বোধনী অনুষ্ঠানে টপপে, মোবাইল ব্র্যান্ড অপো, রিয়েলমি ও ওয়ানপ্লাসের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দেয়। এতে গ্রাহকরা সহজ কিস্তিতে বিভিন্ন ব্র্যান্ডের ফোন কিনতে পারবেন এবং চাইলে নিয়মিত ডিভাইসও আপগ্রেড করতে পারবেন। বিশেষ করে তরুণ ও পেশাজীবীদের জন্য এটি নতুন প্রযুক্তি ব্যবহারকে আরও সহজ করবে।
এ সময় টপপের সিইও চেনফেই বলেন –“আমরা ইতোমধ্যে ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করেছি এবং আগামী কয়েক বছরে আরও ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা আছে। আমাদের লক্ষ্য আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে ১৫ লাখের বেশি গ্রাহককে সেবা দেওয়া। শুধু মোবাইল ফাইন্যান্সিং নয়, ভবিষ্যতে আমরা আর্থিক সেবা, পেমেন্ট, সামাজিক দায়িত্ব ও দাতব্য কাজেও যুক্ত হবো।”
বাংলাদেশে টপপে কেবল মোবাইল কেনার পদ্ধতিই বদলাবে না; বরং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরেও ভূমিকা রাখবে। সহজ কিস্তিতে ফোন কেনা সম্ভব হলে আরও বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করতে পারবে। এতে ডিজিটাল সেবার ব্যবহার বাড়বে এবং সংযুক্ত, প্রযুক্তিনির্ভর সমাজ গড়ে উঠবে।





