বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন নগদ-এর প্রশাসক মোতাছিম বিল্লাহ

বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন নগদ-এর প্রশাসক মোতাছিম বিল্লাহ
৪ এপ্রিল, ২০২৬ ১১:০০  

দেশের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ-এর প্রশাসক মোঃ মোতাছিম বিল্লাহ বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ নিয়মিত পদ নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক দাপ্তরিক নির্দেশনা জারি করেছে।

মোতাছিম বিল্লাহ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে ব্যাংক পরিদর্শন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে নগদ-এর প্রশাসক হিসেবে নিয়োগ পান।

১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে ব্যাংক পরিদর্শন বিভাগ, সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট, অফসাইট সুপারভিশন বিভাগ এবং পেমেন্ট সিস্টেমস বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দেশের পেমেন্ট সিস্টেম আধুনিকায়নে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বিশেষ করে টাকাপে কার্ড স্কিম, এনপিএসবি মাইগ্রেশন, ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম এবং বাংলা কিউআর প্রবর্তনে তিনি নেতৃত্ব দিয়েছেন।

বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়িত সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্টের আওতায় বাংলাদেশ ব্যাংকের আইটি অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন ও ব্যবসায়িক প্রক্রিয়া আধুনিকায়নেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

নগদ-এর প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির সেবার পরিধি ও মান বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে লেনদেন প্রায় দ্বিগুণ হয়েছে এবং প্রযুক্তিগত সক্ষমতায়ও উল্লেখযোগ্য উন্নয়ন এসেছে।

শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া ব্যাংকিং রেগুলেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং ও ডিজিটাল পেমেন্ট বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

ডিবিটেক/এলএন/ইকে