থ্রেডসে আসছে পডকাস্টের স্বয়ংক্রিয় ট্রান্সক্রিপশন সুবিধা
সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে পডকাস্ট প্রচারের পথ আরও সহজ করতে নতুন একটি ফিচার পরীক্ষা করছে এর মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা। এই সুবিধার আওতায় অ্যাপে শেয়ার করা পডকাস্ট বা অডিও ক্লিপগুলোর সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ভেসে উঠবে সেগুলোর লিখিত অনুলিপি বা ট্রান্সক্রিপশন।
নতুন সুবিধার ফলে ফিড স্ক্রোল করার সময় সাউন্ড বা শব্দ চালু না করেও ব্যবহারকারীরা অনায়াসে পডকাস্টের ভেতরের তথ্য পড়ে নিতে পারবেন। থ্রেডসের প্রধান কনর হেইস সম্প্রতি নিজের এক পোস্টে নতুন এই পরীক্ষামূলক ফিচারের কথা নিশ্চিত করেছেন।
যেভাবে কাজ করবে এই প্রযুক্তি
নতুন এই ব্যবস্থায় কোনো পডকাস্ট বা অডিও ফাইল থ্রেডসে পোস্ট করা হলে বক্তার কথা বলার সাথে সাথেই তার টেক্সট বা সাবটাইটেল স্ক্রিনে ফুটে উঠবে। কনর হেইস জানান, পডকাস্ট নির্মাতাদের সহায়তার জন্য থ্রেডস যে একাধিক নতুন টুল তৈরির কাজ করছে, এটি তারই একটি অংশ মাত্র।
জনাকীর্ণ স্থানে বা যেখানে উচ্চশব্দে অডিও শোনা সম্ভব নয়, সেখানে এই সুবিধাটি অত্যন্ত কার্যকর হবে। যেহেতু থ্রেডস মূলত একটি লেখাভিত্তিক সোশ্যাল মিডিয়া, তাই অডিওর সঙ্গে লেখা যুক্ত হওয়ায় এটি প্ল্যাটফর্মটির নিজস্ব আমেজের সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
পডকাস্টারদের ভেড়ানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা
ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে অডিও ও ভিডিও কনটেন্ট নির্মাতাদের প্রাধান্য দিন দিন বাড়ছে। গত বছর থেকেই মেটা তাদের এই টেক্সটভিত্তিক নেটওয়ার্কে পডকাস্ট প্রচারের জন্য বিভিন্ন বৈচিত্র্যময় টুল যুক্ত করতে শুরু করে।
চলতি বছরের জুন মাসে থ্রেডসের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি অতিক্রম করেছে। এত বিপুলসংখ্যক ব্যবহারকারীর বাজারে অডিও নির্মাতাদের ধরে রাখতে বিশেষায়িত সুবিধা দেওয়াকে অত্যন্ত প্রয়োজনীয় মনে করছে প্রতিষ্ঠানটি।
যদিও পরীক্ষামূলক এই ফিচারটি চূড়ান্তভাবে সবার জন্য উন্মুক্ত হবে কি না তা এখনো নিশ্চিত নয়, তবে কনটেন্ট নির্মাতাদের টেনে আনতে থ্রেডসের গুরুত্ব দেওয়াকে ইতিবাচকভাবেই দেখা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





