ডিজনি ও অ্যাডোবির বহু বছরের কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা
বিনোদন ও অ্যানিমেশন জগতের শীর্ষ প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি কোম্পানি এবং প্রযুক্তি জায়ান্ট অ্যাডোবি একটি বহুবর্ষী কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। মায়ামি বিচ ও বারবাকের যৌথ ঘোষণায় জানানো হয়েছে, সৃষ্টিশীলতা, গল্প বলার ঐতিহ্য এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এই দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।
এআই প্রযুক্তির ছোঁয়া ডিজনি থিম পার্ক ও স্টুডিওতে
অ্যাডোবির বার্ষিক সম্মেলন ‘অ্যাডোবি ম্যাক্স’-এ ঘোষিত এই চুক্তির মূল লক্ষ্য হলো ডিজনির বিনোদন পার্ক, ক্রুজ লাইন, স্টুডিও ল্যাব এবং ইএসপিএন এজ-এর কার্যক্রমে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সুফল যুক্ত করা।
দীর্ঘ দশক ধরে চলা এই সহযোগিতার সম্পর্ক এবার নতুন এক উচ্চতায় পৌঁছাল, যা বিনোদন শিল্পের রূপরেখাকে চিরতরে বদলে দিতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
ফায়ারফ্লাই ফাউণ্ড্রির মাধ্যমে কাজের গতি বৃদ্ধি
এই অংশীদারিত্বের আওতায় অ্যাডোবির অত্যাধুনিক জেনারেটিভ এআই প্রযুক্তি- বিশেষ করে অ্যাডোবি ফায়ারফ্লাই এবং প্রোপ্রিটারি এআই মডেল ‘ফায়ারফ্লাই ফাউণ্ড্রি’- ব্যবহার করবে ডিজনির কলাকুশলীরা।
ডিজনির নিজস্ব চরিত্র, পরিবেশ এবং ভিজ্যুয়াল স্টাইলের ওপর ভিত্তি করে বিশেষভাবে প্রশিক্ষিত এই কাস্টম মডেলগুলো শিল্পীদের সৃষ্টিশীল কাজকে আরও দ্রুত ও কার্যকর করে তুলবে। এর ফলে থিম পার্ক ও ক্রুজ উন্নয়ন পাইপলাইনে হাত দিয়ে আঁকা স্কেচ থেকে খুব সহজেই পূর্ণাঙ্গ কনসেপ্ট আর্টে রূপান্তর করা সম্ভব হবে, যা ক্রিয়েটিভ টিমের কাজের গতি বহুলাংশে বাড়িয়ে দেবে।
স্টুডিও ল্যাব ও ইএসপিএন এজে নতুন সম্ভাবনা
ডিজনির গবেষণা ও উন্নয়ন বিভাগ ইতিমধ্যেই এই প্রযুক্তি ব্যবহার করে তাদের আইডিয়াগুলোকে দ্রুত বাস্তবে রূপ দেওয়ার কাজ শুরু করেছে। এ ছাড়া ওয়াল্ট ডিজনি স্টুডিওর উদ্ভাবনী কেন্দ্র ‘স্টুডিও ল্যাব’ এবং খেলাধুলার সম্প্রসারণ শাখা ‘ইএসপিএন এজ’-এর সঙ্গে যৌথভাবে কাজ করবেঅ্যাডোবি।
এর ফলে খেলাধুলার গল্প বলা, আর্কাইভাল ফুটেজের ব্যবহার এবং ভক্তদের সম্পৃক্ততা বাড়াতে এআই প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মন্তব্য করছে বিশ্লেষকরা।
ডিবিটেক/বিএমটি । সূত্র: অ্যাডোবি নিউজরুম





