উন্মুক্ত সামাজিক মাধ্যম স্টার্টআপ ‘গ্রেজ’ কিনে নিল ফ্লিপবোর্ড

উন্মুক্ত সামাজিক মাধ্যম স্টার্টআপ ‘গ্রেজ’ কিনে নিল ফ্লিপবোর্ড
২৭ আগষ্ট, ২০২৬ ২১:১৩  
২৭ আগষ্ট, ২০২৬ ১২:১৩  

অনলাইন সংবাদের ডিজিটাল সাময়িকী ‘ফ্লিপবোর্ড’ উন্মুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমের পরিধি বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে। পোর্টল্যান্ডভিত্তিক ফিড তৈরির প্রযুক্তি স্টার্টআপ ‘গ্রেজ’ কিনে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। 

গ্রেজ মূলত বিকেন্দ্রীভূত সামাজিক নেটওয়ার্ক ‘ব্লুস্কাই’ এবং এর উন্মুক্ত প্রযুক্তি অবকাঠামো ‘এটি প্রোটোকল’-এর ওপর ভিত্তি করে তৈরি বিভিন্ন পোস্টের কাস্টমাইজড ফিড তৈরি ও প্রকাশের সুযোগ দেয়। এই অধিগ্রহণের ফলে এখন থেকে এসব উন্মুক্ত মাধ্যমে কনটেন্ট বা ফিড নির্মাতাদের জন্য বিজ্ঞাপন প্রদর্শন করে অর্থ উপার্জনের নতুন দুয়ার উন্মোচিত হলো।

ব্যক্তিগত নজরদারিমুক্ত বিজ্ঞাপন ও আয়ের সমীকরণ
সাধারণ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মতো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের ওপর নজরদারি না চালিয়ে সম্পূর্ণ বিষয়ভিত্তিক বা কনটেক্সচুয়াল বিজ্ঞাপনের ব্যবস্থা করেছে গ্রেজ। উদাহরণস্বরূপ, গেম ডেভেলপারদের উদ্দেশ্যে বিজ্ঞাপন দিতে চাইলে কেবল সংশ্লিষ্ট সম্প্রদায়ের ফিডেই সেই বিজ্ঞাপন প্রদর্শিত হয়। 

গত ২১ মাসে প্ল্যাটফর্মটি প্রায় ১ কোটি ২০ লাখ ব্যবহারকারীর কাছে ৪ হাজার ১০০ কোটির বেশি পোস্ট পৌঁছে দিয়েছে। গ্রেজের প্ল্যাটফর্মে বর্তমানে সাত হাজারের বেশি সক্রিয় ফিড রয়েছে, যার ৬০ শতাংশ থেকে নিয়মিত আয় আসছে। 

সবচেয়ে বড় বিষয় হলো, বিজ্ঞাপনের অর্জিত আয়ের ৭০ শতাংশ পান ফিড নির্মাতা নিজে এবং বাকি ৩০ শতাংশ প্ল্যাটফর্ম পরিচালনা বাবদ জমা হয়। 

ফ্লিপবোর্ডের প্রধান নির্বাহী মাইক ম্যাককিউ এই ব্যবস্থার প্রশংসা করে জানান, ব্যবহারকারীর গোপনীয়তা নষ্ট না করে কনটেন্ট নির্মাতাদের সাথে আয়ের অংশীদার হওয়াটা সামাজিক মাধ্যমের একটি চমৎকার ভবিষ্যৎ রূপচিত্র।

অধিগ্রহণ ও ভবিষ্যৎ বিস্তার
ফ্লিপবোর্ড তাদের নতুন অ্যাপ ‘সার্ফ’-এ আগে থেকেই গ্রেজের এই ফিড তৈরির প্রযুক্তি ব্যবহার করে আসছিল। সমভাবাপন্ন লক্ষ্য এবং কাজের একই ধরনের পুনরাবৃত্তি এড়াতেই দুই প্রতিষ্ঠান শেষ পর্যন্ত একত্র হওয়ার সিদ্ধান্ত নেয়। 

গ্রেজের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডেভিন গ্যাফনি জানান, ফ্লিপবোর্ডের বিজ্ঞাপনদাতা নেটওয়ার্ক এবং বড় অবকাঠামোকে কাজে লাগিয়ে তারা এখন বহুগুণ দ্রুত গতিতে কাজ এগিয়ে নিতে পারবেন। চুক্তির আর্থিক অঙ্কের কথা প্রকাশ করা না হলেও জানা গেছে যে গ্রেজ মাত্র দুইজন কর্মী ও ১০ লাখ ডলারের প্রাথমিক মূলধন নিয়ে কাজ শুরু করেছিল। 

এই অধিগ্রহণের মাধ্যমে ব্লুস্কাই সহ ‘এটি প্রোটোকল’ চালিত অন্যান্য সব প্ল্যাটফর্ম এবং ফ্লিপবোর্ডের নিজস্ব অ্যাপেও সাধারণ ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে নিজস্ব ফিড তৈরি ও আয়ের সুবিধা পাবেন।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ