চীন-বাংলাদেশ শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতার নতুন অধ্যায়
ভোকেশনাল ও প্রকৌশল শিক্ষায় চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগ গ্রহণ
- গুয়াংজুতে শিক্ষা ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে দ্বিপক্ষীয় সম্মেলন অনুষ্ঠিত
- প্রকৌশল ও ভোকেশনাল শিক্ষায় সহায়তায় নতুন আন্তর্জাতিক সেন্টার উন্মোচন
- যৌথ গবেষণা, ডাটা বিনিময় ও তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্বারোপ
বিজ্ঞান, প্রযুক্তি, আধুনিক প্রকৌশল এবং অনলাইন কাঠামোর সমন্বয়ে বাংলাদেশের শিক্ষা ও দক্ষ জনশক্তি খাতের উন্নয়নে এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত 'চীন-বাংলাদেশ এডুকেশন কোঅপারেশন লাঞ্চন'-এ দুই দেশের শিক্ষাবিদ, প্রকৌশল বিশেষজ্ঞ ও নীতিপ্রণেতারা অংশ নেন।
অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চীন-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি তৈরি করেছিলেন এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মেয়াদে তা আরও সুদৃঢ় হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও পিএমও মুখপাত্র ড. মাহদী আমিন প্রযুক্তির বৈশ্বিক যুগে ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি ও অনলাইন যোগাযোগে চীনা ভাষা শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে।
অনুষ্ঠানের অন্যতম প্রধান প্রযুক্তিগত আকর্ষণ ছিল 'চীন-বাংলাদেশ ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টার ফর ইন্ডাস্ট্রি-এডুকেশন ইন্টিগ্রেশন'-এর আনুষ্ঠানিক উন্মোচন। এই কেন্দ্রটি দুই দেশের শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভোকেশনাল শিক্ষা, প্রযুক্তিগত ট্রেনিং ও যৌথ গবেষণা পরিচালনায় সেতু হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, চীনের আনহুই নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট তিয়ান শিংইউ (Tian Xingyou) এবং জিয়াংসি সাইন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ঝেং পেংউ (Zheng Pengwu) উপস্থিত ছিলেন।
এর আগে ২৫ আগস্ট, মঙ্গলবার মন্ত্রী চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীন এম্বাসির কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন। সফরকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষায় সহযোগিতা বিস্তৃত করতে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। ২৬ আগস্ট, বুধবার আয়োজিত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও যৌথ উদ্ভাবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
//ডিবিটেক/ এএমইপি/ইএমএস//





