সম্মাননার মধ্য দিয়ে শেষ হলো ৫ দিনব্যাপী সাইবার সম্মেলন
ঢাকার বিসিএফসিসিতে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো পাঁচ দিনব্যাপী 'ফিনিক্স সামিট ২০২৬'। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজনে সাইবার নিরাপত্তা, এআই এবং জাতীয় অবকাঠামো সুরক্ষা নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনে ১০ হাজারেরও বেশি মানুষ অংশ নেন এবং সাইবার খাতে অবদানের জন্য সুমন আহমেদ সাবিরসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনোমিস’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেষ হলো পাঁচ দিনব্যাপী সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম 'ফিনিক্স সামিট ২০২৬' সফলভাবে সমাপ্ত হয়েছে। সামিটে সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে অবদানের জন্য ইসলামিক ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি ক্লাবকে সম্মাননা দেওয়া হয়।
এছাড়া, নারীদের অনুপ্রাণিত করার স্বীকৃতিস্বরূপ বিটিসিএল-এর উপমহাব্যবস্থাপক (ডোমেইন) জয়ীতা সেন রিম্পীকে বিশেষ সম্মাননা এবং সাইবার নিরাপত্তা শিল্পে আজীবন অবদানের জন্য ফাইবার অ্যাট হোমের প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) সুমন আহমেদ সাবিরকে 'আজীবন সম্মাননা' (লাইফটাইম অনার অ্যাওয়ার্ড) দেয়া হয়।
২৭ জুন, শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) এক জমকালো সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
দেশের শীর্ষ সাইবার নিরাপত্তা উদ্যোগ 'দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি)' আয়োজিত এবং ব্র্যাক ব্যাংক পিএলসি-এর পৃষ্ঠপোষকতায় এই সম্মেলনে ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী যুক্ত হন। সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠানের ৭৩টি স্টল এবং ১৮টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “সম্প্রতি চীন সফরে তাদের নীতিনির্ধারকদের সাথে প্রযুক্তি বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। কীভাবে তাদের প্রযুক্তিগত দক্ষতা ও সফট পাওয়ার কাজে লাগানো যায় সে বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী চিন্তা করছেন। আমাদের ডেমোগ্রাফিক বাস্তবতা বা তরুণ সমাজ আমাদের জন্য বড় সুবিধা।”
দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও চিফ অব রিসার্চ এএসএম শামীম রেজা জানান, এই সামিট থেকে তৈরি হওয়া জ্ঞান-বিনিময় আগামী দিনে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা ও সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাপনীতে অন্যন্যের ম্যধ্যে অ্যাকজেনটেক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক আদিল হোসেন নোবেল, আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম এবং ইউএন ওমেন স্টেম সাইবার সিকিউরিটি এক্সপার্ট ফওজিয়া আই অ্যাব্রো প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ২৩ জুন থেকে শুরু হওয়া সম্মেলনের প্রথম তিন দিনে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) সহযোগিতায় গুরুত্বপূর্ণ বিভিন্ন টেকনিক্যাল কর্মশালা অনুষ্ঠিত হয়।
//ডিবিটেক/এমএনএ/ইকে//





