স্বল্প-কার্বন উন্নয়নে প্রমাণভিত্তিক দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনা

বুয়েটে অনুষ্ঠিত জলবায়ু সংলাপে পরিবেশ প্রতিমন্ত্রীর দিকনির্দেশনা

  • স্বল্প-কার্বন ও জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাস্তবসম্মত দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার তাগিদ
  • পরিবেশ সুরক্ষা ও উন্নয়ন সমন্বয়ে এলটি-এলইডিএসকে জাতীয় রোডম্যাপ হিসেবে কার্যকর করার আহ্বান
  • বুয়েটে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সংলাপে জলবায়ু তহবিলের স্বচ্ছ ও পরিমাপযোগ্য ব্যবহারের ওপর জোর

বুয়েটে অনুষ্ঠিত জলবায়ু সংলাপে পরিবেশ প্রতিমন্ত্রীর দিকনির্দেশনা
২৫ আগষ্ট, ২০২৬ ২০:২৮  

দেশের টেকসই, স্বল্প-কার্বন ও জলবায়ু-সহনশীল অর্থনৈতিক রূপান্তর নিশ্চিত করতে তথ্যপ্রমাণভিত্তিক, বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদি জ্বালানি প্রকৌশল পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ২৫ আগস্ট, মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রাইজ অডিটোরিয়ামে আয়োজিত ‘ইউনিভার্সিটি ডায়ালগ অন পিপল-লেড এলটি-এলইডিএস : বাংলাদেশের লো-কার্বন ফিউচার’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিবেশ প্রতিমন্ত্রী উল্লেখ করেন, "লং-টার্ম লো-ইমিশন ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস (এলটি-এলইডিএস)-কে নিছক আরেকটি সাধারণ জলবায়ু নথি হিসেবে বিবেচনা করলে চলবে না। এটি হতে হবে একটি দীর্ঘমেয়াদি জাতীয় উন্নয়ন রোডম্যাপ; যা ভবিষ্যৎ অর্থনীতির রূপরেখা, টেকসই জ্বালানি সরবরাহ ব্যবস্থা, কৌশলগত বিনিয়োগের ক্ষেত্র, প্রযুক্তিগত মানবসম্পদ তৈরি এবং প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার সমন্বিত পথ দেখাবে।" তিনি আরও বলেন, "বাংলাদেশের এলটি-এলইডিএসের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে আধুনিক জ্বালানি খাত। উন্নয়ন ও পরিবেশের কোনো একটিকে বাদ না দিয়ে বরং দুটির সমন্বয়ে একটি ভবিষ্যৎমুখী প্রযুক্তিভিত্তিক জ্বালানি পরিকাঠামো গড়ে তুলতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) ব্যবস্থাপনা পরিচালক কাজী রাউনকুল ইসলাম টিপু বলেন, "জলবায়ু অর্থায়ন হলো জনগণের আমানত। মানুষ ও পরিবেশের সুরক্ষায় এই বরাদ্দের প্রতিটি টাকা যাতে প্রযুক্তিগতভাবে দৃশ্যমান, পরিমাপযোগ্য এবং দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করে, তা নিশ্চিত করা জরুরি।"

আয়োজিত এই সংলাপে বুয়েটের শিক্ষক, পরিবেশ গবেষক, প্রকৌশলী, তরুণ পেশাজীবী ও উন্নয়ন সহযোগীসহ প্রায় ১৫০ জন অংশীজন উপস্থিত থেকে স্বল্প-কার্বন প্রযুক্তি রূপান্তরের নানা কারিগরি দিক নিয়ে আলোচনা করেন।
//ডিবিটেক/এনএপি/এসএমই//