চীনা ভাষা দক্ষতা উন্নয়নে জাতীয় স্ট্যান্ডার্ড প্রণয়ন
প্রযুক্তি ও কর্মসংস্থানমুখী কারিকুলাম অনুমোদন করল জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ
- রোবটিক্স, এআই ও শিল্পায়নের যুগে চীনা ভাষার কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ও সিএডি প্রণয়ন
- এনএসডিএ নিবন্ধিত প্রতিষ্ঠানে কোর্স চালু এবং চীনের সঙ্গে যৌথ সনদ প্রদানের উদ্যোগ
- বিএনকিউএফ লেভেল ২ ও ৩ সামঞ্জস্যে কারিকুলাম প্রণয়ন এবং এইচএসকে সমমান নিশ্চিতকর
রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিশিল্পের বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রথমবারের মতো 'চাইনিজ ল্যাঙ্গুয়েজ'-এর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড (CS) ও কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট (CAD) প্রণয়ন করেছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)। ২৫ আগস্ট, ২০২৬ মঙ্গলবার এনএসডিএ সম্মেলন কক্ষে আয়োজিত ভ্যালিডেশন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ বলেন, "চীন রোবটিক্স, এআই এবং আধুনিক প্রযুক্তিতে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপট ও জাতীয় স্বার্থে চীনের সঙ্গে কারিগরি ও অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানো জরুরি। তরুণদের দক্ষ করে গড়ে তুলতে এবং ভাষা শেখার প্রতিবন্ধকতা দূর করতে অনলাইন, হাইব্রিড ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল প্ল্যাটফর্মে চীনা ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। ভাষা শুধু ভাব বিনিময়ের মাধ্যম নয়, বরং উচ্চপ্রযুক্তি শিক্ষায় শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টির একটি কৌশলগত মাধ্যম।"
গেস্ট অব অনার হিসেবে বক্তব্যে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চট্টগ্রামের চীনা অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন শিল্পখাতে দক্ষ জনবলের ব্যাপক চাহিদা তৈরি হচ্ছে। আধুনিক প্রযুক্তিজ্ঞান ও চীনা ভাষার সমন্বয় ঘটলে বাংলাদেশি তরুণরা চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সঙ্গে আরও কার্যকরভাবে কাজ করার সুযোগ পাবে।
সভাপতির বক্তব্যে এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, চীনা ভাষাকে নিছক ভাষাগত দক্ষতা হিসেবে না রেখে একটি স্বতন্ত্র কারিগরি অকুপেশন ও কর্মসংস্থানমুখী যোগ্যতা হিসেবে কাঠামোবদ্ধ করা হয়েছে। দেশি-বিদেশি প্রযুক্তি ও ভাষা বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রণীত এই কারিকুলাম বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (BNQF)-এর লেভেল ২ ও ৩-এর সঙ্গে সংগতি রেখে তৈরি করা হয়েছে, যা আন্তর্জাতিক এইচএসকে (HSK) লেভেল ১ ও ২-এর সমমান। এর মাধ্যমে এনএসডিএ নিবন্ধিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ শেষে মূল্যায়ন ও জাতীয় স্বীকৃতি দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হক নান্নু এবং ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের চেয়ারম্যান মির্জা নুরুল গনি শোভন। এছাড়া চীনের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ সনদ (Joint Certification) প্রদানের সম্ভাবনা নিয়েও অনুষ্ঠানে আলোচনা করা হয়।
//ডিবিটেক/এফএএন/এমআইএস//





