বিইউএফটিতে ক্রিয়েটিভ ইকোনমি ও টেকসই প্রযুক্তির প্রসারে বিজ্ঞান সচিব
ম্যানুফ্যাকচারিং ছেড়ে ইনোভেশননির্ভর অর্থনীতির তাগিদ
- ম্যানুফ্যাকচারিং থেকে ফ্যাশন ডিজাইন ও সৃজনশীল প্রযুক্তিনির্ভর ইনোভেশন অর্থনীতিতে রূপান্তরের আহ্বান
- বিসিএসআইআর ও এইচঅ্যান্ডএমের যৌথ গবেষণায় জ্বালানি, পানি দক্ষতা ও কেমিক্যাল হ্রাস
- ১২ সেপ্টেম্বর তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈশ্বিক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ম্যানুফ্যাকচারিংনির্ভর কাঠামো থেকে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক ইনোভেশননির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দেওয়া হয়েছে। ২৫ আগস্ট, ২০২৬ মঙ্গলবার ঢাকায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-র নবীনবরণ ও ওরিয়েন্টেশন ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন এ আহ্বান জানান।
বিজ্ঞান ও প্রযুক্তি সচিব বলেন, "বর্তমান সরকার ক্রিয়েটিভ ইকোনমির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর আওতায় ফ্যাশন ডিজাইনের পাশাপাশি আর্কিটেকচার, মিউজিক, ফিল্ম, অ্যাডভার্টাইজিং, অ্যানিমেশন ও গেমিংসহ বিভিন্ন প্রযুক্তিভিত্তিক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের আসলে ম্যানুফ্যাকচারিং থেকে ইনোভেশনের দিকে যেতে হবে। ফ্যাশন ডিজাইনে সৃজনশীলতার বিকাশ এবং নিজস্ব বৈশ্বিক ব্র্যান্ড তৈরির যে সম্ভাবনা রয়েছে, দেশের তরুণ প্রজন্মকেই সেই রূপান্তরের নেতৃত্ব দিতে হবে।"
তিনি জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় শিল্প ও গবেষণা খাতের মেলবন্ধনে 'রিসার্চ টু মার্কেট' এবং 'ইনোভেট টু মার্কেট'—এই দুটি প্রকৌশলগত ধারণা বাস্তবায়নে কাজ করছে। এর আওতায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সাথে বিইউএফটির গবেষণা ও উন্নয়নমূলক সহযোগিতা টেক্সটাইল ও ফ্যাশন প্রযুক্তির আধুনিকায়নে ভূমিকা রাখছে। এছাড়া টেকসই সবুজ প্রযুক্তির অংশ হিসেবে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড এইচঅ্যান্ডএম (H&M)-এর সঙ্গে জ্বালানি ও পানি ব্যবহারের দক্ষতা বৃদ্ধি এবং ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার কমাতে যৌথভাবে কাজ চলছে।
মোঃ আনোয়ার হোসেন আরও বলেন, "উদ্ভাবনী পণ্য ও সেবাকে বাণিজ্যিকভাবে সফল করতে এবং গবেষণাগারের উদ্ভাবনকে মানুষের বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতেই 'ইনোভেট টু মার্কেট' উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ভাবকদের জন্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (আইপিআর) বা মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অর্থায়ন ও নীতিগত সহায়তা দিতে জাতীয় ইনোভেশন প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে।" তিনি জানান, একটি সমন্বিত ইকোসিস্টেম প্রতিষ্ঠায় আগামী ১২ সেপ্টেম্বর ঢাকায় নভোথিয়েটারে তিন দিনব্যাপী 'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬' অনুষ্ঠিত হবে, যা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে কেবল চাকরির পেছনে না ছুটে জ্ঞান, সৃজনশীলতা ও প্রযুক্তির মাধ্যমে নতুন উদ্ভাবনের সুযোগ সৃষ্টির আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথিকে একটি গাছের চারা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী আইয়ুব নবী খান, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, সদস্য মোহাম্মদ নাসির, স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এমএএম/এসএমই//





